১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গেইল ও পোলার্ডের পর হেলস

ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন অ্যালেক্স হেলস।

গেইল ও পোলার্ডের পর হেলস
রান তাড়ায় বিধ্বংসী ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। ছবি: ত্রিনবাগো নাইট রাইডার্স ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

আগের দিন কাইরন পোলার্ড যে ঠিকানায় পৌঁছান, পরদিন সেখানে নাম লেখালেন অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। 

মাইলফলকটি ছুঁতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে হেলসের প্রয়োজন ছিল ৫০ রান। ত্রিনবাগো নাইট রাইডার্সের ইনিংসের নবম ওভারের শেষ বলে স্পিনার ইমরান তাহিরকে বিশাল ছক্কায় ফিফটি পূরণের পাশাপাশি কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালের এই ম্যাচে রান তাড়ায় ৭ ছক্কা ও ৩ চারে ৪৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেন হেলস। ১৬৪ রানের লক্ষ্য ৬ উইকেট ও ১৬ বল হাতে রেখে পেরিয়ে যায় তার দল। 

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ক্রিস গেইলের। ‘ইউনিভার্স বস’ ১৭ বছরের ক্যারিয়ারে ৪৫৫ ইনিংসে করেন ১৪ হাজার ৫৬২ রান। ৫০৫ ইনিংসে ১৪ হাজার ২৪ রান নিয়ে গেইলের পরই এখন হেলস। সেঞ্চুরি আছে তার ৭টি, ফিফটি ৮৯টি।

৬৩৪ ইনিংসে ১৪ হাজার ১২ রান নিয়ে তালিকার তিন নম্বরে আছেন পোলার্ড। আগের দিন বারবাডোজ রয়্যালসের বিপক্ষে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে মাইলফলকটি স্পর্শ করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

এই তিন জনের পর ১৪ হাজারের সবচেয়ে কাছাকাছি আছেন ডেভিড ওয়ার্নার। ৪২৩ ইনিংসে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রান ১৩ হাজার ৫৯৫।