আইপিএল
Published : 26 Apr 2026, 05:43 PM
বোলারদের জন্য ত্রাস হয়ে উঠেছেন বৈভাব সুরিয়াভানশি। আগ্রাসী ব্যাটিংয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড, কীর্তি। তার এমন ব্যাটিংয়ে মুগ্ধ প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান তারকা পেসারের প্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন ভারতীয় বিস্ময় বালক।
আইপিএলে শনিবার কামিন্সদের বিপক্ষে আরেকটি বিস্ফোরক ইনিংস খেলেন সুরিয়াভানশি। ৩৭ বলে ১২ ছক্কা ও পাঁচ চারে করেন ১০৩ রান। ইনিংসটির পথে ৩৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি, আইপিএলের ইতিহাসে যা তৃতীয় দ্রুততম।
গত আইপিএলে ৩৫ বলের সেঞ্চুরিতে বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন সুরিয়াভানশি। টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম শতক। ১৫ বছর বয়সেই ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে দুইবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়ে গেলেন রাজস্থান রয়্যালসের বাঁহাতি ওপেনার।
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে এবারের আইপিএলে প্রথম খেলতে নামেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কামিন্স। ফেরার ম্যাচে দারুণ বোলিং করেন তিনি, ২৭ রান খরচায় নেন একটি উইকেট।
এদিন একটি ছক্কা হজম করেন কামিন্স। সেটি আবার সুরিয়াভানিশর বিপক্ষে প্রথম বলেই। শুধু কামিন্সই নন, জশ হেইজেলউড, জাসপ্রিত বুমরাহর মতো বিশ্ব ক্রিকেটের তারকা পেসারদের ওপরও চড়াও হন এই তরুণ ব্যাটসম্যান।
সুরিয়াভানশির সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি গড়েও ম্যাচটি জিততে পারেনি রাজস্থান। তাদেরকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় সানরাইজার্স। ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
ম্যাচ শেষে সুরিয়াভানশির উচ্ছ্বসিত প্রশংসা করেন কামিন্স।
“সে আমার নতুন প্রিয় ক্রিকেটার। সে বল খুব জোরে মারে, দেখতে দারুণ লাগে, অনেক মজারওৱ। বোলার হিসেবে একদম সঠিক জায়গায় বল করতে হবে, নয়তো খেসারত দিতে হবে। সে সত্যিই অসাধারণ। হ্যাঁ, তার ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে, তার খেলার ধরন আমার পছন্দ, সে আক্রমণাত্মক শুরু এনে দেয়।”
এবারের আইপিএলে খেলছেন না স্যাম বিলিংস। এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান। সুরিয়াভানশির ব্যাটিং মনে ধরেছে তারও।
সুরিয়াভানশির মধ্যে ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের মতো প্রতিভা দেখতে পাচ্ছেন বিলিংস।
“সুরিয়াভানশি কি যেকোনো পেশাদার ক্রীড়া ইতিহাসের সেরা ১৫ বছর বয়সী খেলোয়াড়? সে যা করছে, সত্যিই অসাধারণ। আমরা তার মাঝে লামিনে ইয়ামাল মানের প্রতিভা দেখছি।”