২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টেস্টকে বিদায় বলে দিতে পারেন বুমরাহ, আশঙ্কা কাইফের

ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফের মতে, বারবার চোটে পড়ায় এবং নতুন চোটের শঙ্কায় টেস্ট ক্রিকেট উপভোগ করছেন না এই পেসার।

টেস্টকে বিদায় বলে দিতে পারেন বুমরাহ, আশঙ্কা কাইফের
ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 08:32 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

লাল বলের ক্রিকেটে এরই মধ্যে জাসপ্রিত বুমরাহর শেষ দেখতে শুরু করেছেন মোহাম্মদ কাইফ। ভারতের সাবেক এই ব্যাটসম্যানের মনে হচ্ছে, শিগগিরই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন তারকা পেসার। এমন ভাবনার পেছনে কারণও ব্যাখ্যা করেছেন কাইফ।

চোট অনেকবার আঘাত হেনেছে বুমরাহর শরীরে। সবশেষ গত অস্ট্রেলিয়ার সফরের শেষ টেস্টে। ওই চোটে তিন মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় বুমরাহকে। খেলতে পারেননি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে শিরোপা জেতে ভারত।

এরপর থেকে বুমরাহকে নিয়ে খুব সতর্ক ভারত। চলতি ইংল্যান্ড সফরে যেমন তাকে বিশ্রাম দিয়ে খেলানোর কথা সিরিজ শুরুর আগে বলা হয় দলটির পক্ষ থেকে। পাঁচ ম্যাচের সিরিজে তিনটিতে খেলানো হবে তাকে, এমন কথাও তখন শোনা যায়।

সেই অনুযায়ী, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টের পর দ্বিতীয়টিতে বুমরাহকে বিশ্রাম দেয় ভারত। কিন্তু দলের অন্যান্য পেসারদের চোটে পরের দুই ম্যাচেই খেলতে হচ্ছে তাকে।

হেডিংলি ও লর্ডসে প্রথম ইনিংসে পাঁচটি করে উইকেট নেওয়া বুমরাহ ওল্ড ট্র্যাফোর্ডে জ্বলে উঠতে পারেননি। ইংলিশ রান পাহাড়ের প্রথম ইনিংসে কেবল দুই শিকার ধরেন তিনি। ৩৩ ওভার বোলিং করে দেন ১১২ রান। টেস্ট ক্যারিয়ার এই প্রথমবার একশর বেশি রান খরচ করেন তিনি।

কাইফের মনে হচ্ছে, আগের মতো ছন্দ খুঁজে পাচ্ছেন না বুমরাহ, বোলিংয়ে নেই সেই ধারও। যেন ফিটনেস ধরে রাখতেই লড়াই করতে হচ্ছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিওতে কাইফ তাই বলেন, দ্রুতই টেস্ট থেকে বুমরাহর অবসর নেওয়ার প্রবল সম্ভাবনার কথা।

“জাসপ্রিত বুমরাহ, আমার মনে হয় না, আসছে ম্যাচে তাকে খেলতে দেখা যাবে। এমনকি সে হয়তো অবসরও নিতে পারে। শরীর নিয়ে সে ভুগছে। ম্যানচেস্টার টেস্টে তার গতি কমে গেছে। এই টেস্টে তার বলে কোনো গতি নেই।”

“সে নিঃস্বার্থ একজন মানুষ। তার যদি মনে হয় দেশের জন্য শতভাগ দিতে পারছে না, দলকে জেতাতে পারছে না, উইকেট নিতে পারছে না, তাহলে সে নিজেই সরে যাবে। এটা আমার ধারণা।”

ভিরাট কোহলি, রোহিত শার্মা, রাভিচান্দ্রান অশ্বিনের পর এবার বুমরাহকে ছাড়া টেস্ট ক্রিকেট দেখতে ভারতীয়দের অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন ১৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা কাইফ।

“সে ১৩০-১২৫ কিমিতে বল করছে। আর সে যে উইকেট পেয়েছে, কিপার যে ক্যাচ নিয়েছে, সেটাও সামনে ঝাঁপিয়ে নিতে হয়েছে। তার তাড়না আগের মতোই আছে। কিন্তু সে তার শরীরের কাছে হেরে গেছে। ফিটনেসের কাছে হেরে গেছে। শরীর তাকে সঙ্গ দিচ্ছে না।”

“এই ম্যাচে তার ব্যর্থতা স্পষ্টভাবে দেখাচ্ছে যে, আমার মনে হয় টেস্ট ম্যাচ খেলতে তার সমস্যা হবে। তাকে হয়তো আর খেলতে দেখা যাবে না। প্রথমে ভিরাট কোহলি গেল, এরপর রোহিত শার্মা বিদায় নিল। অশ্বিনও নেই। এখন বুমরাহকে ছাড়া, ভারতীয় সমর্থকরা এর সঙ্গে অভ্যস্ত হয়ে যান। আমার মনে হচ্ছে, তাকে ছাড়াও টেস্ট ম্যাচ দেখতে আপনাদের অভ্যস্ত হতে হবে।”

কাইফ অবশ্য খুব করে চাইছেন, বুমরাহকে নিয়ে তার এই ভাবনা যেন সত্যি না হয়।

“প্রার্থনা করি, আমার ধারণা যেন ভুল হয়। তবে এই ম্যাচে যা দেখেছি, তাতে মনে হচ্ছে সে নিজের খেলা উপভোগ করছে না। তার মানসিকতা ঠিক আছে, কিন্তু সে শরীরের কাছে হেরে গেছে।”