১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২৫ কোটি রুপির তারকাকে বাদ দিতে বললেন হারভাজান

কলকাতা নাইট রাইডার্সের একাদশে ক্যামেরন গ্রিনকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর কোনো মানে খুঁজে পাচ্ছেন না ভারতীয় স্পিন গ্রেট।

২৫ কোটি রুপির তারকাকে বাদ দিতে বললেন হারভাজান
প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি ক্যামেরন গ্রিন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 05:48 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যামেরন গ্রিনের বোলিং না করা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে প্রবল। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে না পারায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের একাদশে জায়গা নিয়েই উঠছে প্রশ্ন। তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না ভারতীয় স্পিন গ্রেট হারভাজান সিং।

এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচেই হেরেছে কলকাতা। চোখধাঁধানো পারিশ্রমিকে দলটিতে যোগ দেওয়া গ্রিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৮ রানের পর, বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেন স্রেফ ২ রান।

ওই দুই ম্যাচেই কলকাতার বোলাররা বেদম মার খেয়েছেন। কলকাতার ২২০ রান টপকে মুম্বাই করে ২২৪ রান, আগে ব্যাটিং করে হায়দরাবাদ তোলে ২২৬।

অনুশীলনে পুরোদমে বোলিং করলেও, ম্যাচে গ্রিনের বোলিং না করা নিয়ে প্রশ্ন ওঠে প্রথম ম্যাচের পরই। তখন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে আঙুল তোলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে। তাতে স্পট হয়ে যায়, ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ম্যাচে বোলিংয়ের অনুমতি এখনও পাননি গ্রিন।

পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানান, পিঠের নিচের দিকের অংশের চোট সমস্যা থেকে সেরে উঠছেন গ্রিন এবং তার বোলিংয়ে ফেরার সময়সীমা আইপিএল শুরুর আগে কলকাতাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলে সাবেক স্পিনার হারভাজান বললেন, শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাতে হলে গ্রিনের পরিবর্তে টিম সাইফার্ট বা রভম্যান পাওয়েলকে একাদশে নেওয়া উচিত কলকাতার।

“আমার মনে হয়, ক্যামেরন গ্রিন এই দলে মানানসই নয়। এর সহজ কারণ হলো, সে বোলিং করছে না। দলের উচিত টিম সাইফার্টকে একাদশে নিয়ে ইনিংস শুরু করানো, কারণ ক্যামেরন গ্রিন যদি বোলিং না করে, তাহলে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর জন্য আরও ভালো বিকল্প আছে। সেই বিকল্প হলো সাইফার্ট। রভম্যান পাওয়েলও আছে, তাকেও খেলানো যেতে পারে।”

গত ডিসেম্বরে নিলামে গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা, আইপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক, বিদেশিদের মধ্যে সর্বোচ্চ।

প্রথম দুই ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলে তলানির দিকে আছে কলকাতা। ঘুরে দাঁড়াতে হলে কিছু বিষয় তাদের ঠিক করতে হবে বলে মনে করেন হারভাজান।

“এখন হঠাৎ করেই কেকেআর দল নিশ্চয় চাপ অনুভব করছে, কারণ তাদের প্রথম দুটি ম্যাচেই তারা হেরেছে, একটি ঘরের মাঠে, অন্যটি প্রতিপক্ষের মাঠে। এখান থেকে যদি তারা ঘুরে দাঁড়াতে চায়, তাহলে তাদের কিছু বিষয় ঠিক করতে হবে।”