৬৪ টেস্ট খেলেও পোপের অভিষেকের রোমাঞ্চ
ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলেছেন অলিভার পোপ, নেতৃত্ব দিয়েছেন ৫টি, তার পরও এখন তিনি অনুভব করছেন অভিষেকের সময়ের স্বাদ।
এমনিতে প্রেমিকার সঙ্গে ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলেন না অলিভার পোপ। তবে সেদিন খেতে খেতে একটু কথা বলছিলেন ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। টেস্ট দল থেকে বাদ পড়েছেন, ঘরোয়া মৌসুম শেষে সামনের শীতে কী করবেন, এমন নানা কিছু। ইংলিশ ব্যাটসম্যান এর মধ্যেই খেয়াল করলেন, তার ফোনে একটি মিসড কল, নাম্বার অচেনা। ফিরতি কল করে তিনি পেলেন আনন্দময় এক বিস্ময়, যা তার জন্য বয়ে আনল সেই টেস্ট অভিষেকের রোমাঞ্চ।
সেই নম্বরটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান এবং ইংল্যান্ডের এখনকার নির্বাচক মার্কাস নর্থের। পোপ জানতে পারলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন তিনি!
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া অ্যাশেজ সফরের মাঝপথে টেস্ট একাদশ থেকে বাদ পড়েন পোপ। পরে তিনি জায়গা হারান টেস্ট স্কোয়াড থেকেও। ৯ মাস পর দলের ফেরার খবরটি কীভাবে পেলেন, সেই গল্প শোনালেন তিনি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে।
“আমি আসলে আমার প্রেমিকার সাথে বাও বান খাচ্ছিলাম। আমরা সাধারণত ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলি না, কিন্তু তখন আমার ক্যারিয়ারের বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলাম।
মার্কাস নর্থের সঙ্গে আমার আগে কোনো কথা হয়নি, তাই আমার কাছে তার নম্বর ছিল না। মানে, সময়টা অদ্ভুত ছিল, কারণ আমরা ঠিক তখনই আলোচনা করছিলাম যে সামনের শীতকালটা কেমন হতে পারে, কীভাবে কাটাতে পারি... এর মধ্যে দলে ফেরার খবর, কাকতালীয় ব্যাপার বটে! বাও বানগুলোর স্বাদ তখন আরেকটু ভালো লাগছিল…।”
বাদ পড়ার আগে টানা আট ইনিংসে ফিফটি ছিল না পোপের। সবশেষ ১৪ টেস্ট ইনিংসে তার ফিফটি একটি। সেটির খেসারত দিয়েই জায়গা হারাতে হয়। অথচ একটা সময় তিনি ছিলেন দলের অপরিহার্য অংশ।
২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলেছেন তিনি। অনেক দিন ছিলেন দলের সহ-অধিনায়ক। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্বও দিয়েছেন ৫ টেস্টে। এখন বাদ পড়ার পর আবার ফিরে শুরুর সেই অনুভূতিই হচ্ছে তার।
“টেস্ট ক্রিকেটে আমার এই দেড় বছরটা নিঃসন্দেহে ছিল একটা রোলারকোস্টারের মতো । দলে ফেরার খবর জেনে অভিষেকের মতোই মনে হচ্ছিল। এটা এমন কিছু, যা হয়তো আমি আশা করছিলাম, কিন্তু সত্যিকার অর্থে প্রত্যাশা করিনি। হয়তো প্রথম একাদশে থাকব না, কিন্তু যেখানে পৌঁছাতে চাই আমি, সেটির পথে এক ধাপ কাছাকাছি যেতে পারলাম।
বিশ্বের সব জায়গায় খেলেছি আমি। ভালো করার অভিজ্ঞতা আমার আছে এবং এই পরিস্থিতিতে ভালো করার জন্য আমাকে কী করতে হবে, তা এখন আগের চেয়ে অনেক বেশি জানি। আমার যা অভাব ছিল, তা হলো সেই সিরিজগুলো যেখানে, একটার পর একটা সেঞ্চুরি করব। এখন শুধু নিশ্চিত করতে হবে যে, যখনই সুযোগ পাব, আমি যেন সেটা করার জন্য নিজেকে সেরা সুযোগটা দিই।”
দলে ডাক পাওয়াটা তার নিজের কাছে অপ্রত্যাশিত ছিল কাউন্টিতে পারফরম্যান্সের কারণে। এমনিতে পারফরম্যান্স তিনি করেছেন ভালোই। সারের হয়ে ৫১০ রান করেছেন ৫৬.৬৬ গড়ে। তকে সাত ম্যাচে ফিফটি চারটি করলেও সেঞ্চুরি মোটে একটি। সেই কারণে দলে ফেরা নিয়ে সংশয়ে ছিলেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান।
“কাউন্টি ক্রিকেটে আমার সবচেয়ে হতাশাজনক অভিজ্ঞতা ছিল যে আমি প্রায় চারবার ৭০ রানের কাছাকাছি রানে আউট হয়েছিলাম (৮৩*, ৬৯, ৭৬, ৭৩)। আমার মনে হচ্ছিল, যখন আবার দল নির্বাচনের সুযোগ আসবে, তখন কি আমি এই ভেবে আফসোস করব যে ইনিংসগুলো ১৫০ বা ১৭০ রান করাতে পারলাম না!”
স্কোয়াডে ফিরলেও কেউ চোটে না পড়লে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একাদশে তার জায়গা হচ্ছে। দল ঘোষণার পরই নির্বাচকরা জানিয়েছেন, চোট পাওয়া জেকব বেথেলের জায়গায় তিন নম্বরে খেলবেন দলে ফেরা জর্ডান কক্স, কাউন্টিতে অসাধারণ পারফর্ম করে দলে ফেরা ড্যান লরেন্স ব্যাট করবেন ছয়ে। পোপকে তাই আপতত অপেক্ষা করতে হবে।
তবে তার শক্তির জায়গা, তিন থেকে সাত পর্যন্ত যে কোনো পজিশনে তিনি ব্যাট করতে পারেন। পাশাপাশি কিপিং তো আছেই। এজন্যই তাকে দলে ফেরানো হয়েছে বলে দল ঘোষণার পরই বলেছেন নির্বাচক নর্থ।
“সে বিভিন্ন কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছিল। কিন্তু অলির মতো কাউকে দলে পাওয়াটা একটা বড় শক্তি, সে বিভিন্ন পজিশনে ব্যাট করেছে এবং কিপিং করতে পারে। ম্যাচের দিন সকালে কারও কোনো সমস্যা হলে তার প্রয়োজন পড়বে। তার নেতৃত্বগুণ এবং অভিজ্ঞতা এমন একটি ব্যাপার, টেস্ট ম্যাচের আগে যেকোনো অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে ভারসাম্য রক্ষার জন্য দারুণ উপযুক্ত।
পোপ বললেন, হঠাৎ সেই সুযোগটা এলে মানসিকভাবে তৈরিই থাকবেন।
“আমাকে দলে নেওয়ার জন্য তাদের আস্থা পাওয়াটা অবশ্যই দারুণ ব্যাপার… আমি শুধু আমার খেলাটাকে যতটা সম্ভব প্রস্তুত রাখার দিকে মনোযোগ দিচ্ছি। আর এই সিরিজে যদি খেলার সুযোগ পাই, তাহলে নিশ্চিত করতে হবে যে, আমার টেকনিক যেন নিখুঁত হয় এবং মনটা যেন সঠিক জায়গায় থাকে।”
