জর্ডান টম্পসনের জায়গায় এমআই এমিরেটসে রাশিদ খান
দুই সপ্তাহের কিছু বেশি সময় আইএলটি-টোয়েন্টিতে খেলতে পারেন আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার।
চোটে ছিটকে পড়া ইংলিশ অলরাউন্ডার জর্ডান টম্পসনের জায়গায় তারকা লেগ স্পিনার রাশিদ খানকে দলে নিয়েছে এমআই এমিরেটস।
এমআই ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন কেউ নন ২৭ বছর বয়সী রাশিদ। চলতি বছরের শুরুতে এসএটোয়েন্টিতে এমআই কেপ টাউনের প্রথম শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। ২০২৩ ও ২০২৪ সালে মেজর লিগ ক্রিকেটে খেলেন এমআই নিউ ইয়র্কের হয়ে।
২০২৩ সালে এমআই এমিরেটসের হয়ে দুটি ম্যাচ খেলে চার উইকেট পেয়েছিলেন রাশিদ।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইএলটি-টোয়েন্টির বাকি সময়ের পুরোটায় খেলবেন না রাশিদ। দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্ট এসএটোয়েন্টিতে অংশ নিতে ২০ ডিসেম্বরের দিকে আইএলটি-টোয়েন্টি ছাড়বেন তিনি। ২৬ ডিসেম্বর ডারবান সুপার জায়ান্টসের মুখোমুখি হবে এমআই কেপ টাউন। এবারও দলটির নেতৃত্ব দিবেন রাশিদ।
আইএলটি-টোয়েন্টি ২০২৪ আসরের চ্যাম্পিয়ন এমআই এমরিটেসের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু শুক্রবার, দুবাইয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগের মৌসুমে প্লে-অফে খেলেছিল দলটি।
চলতি মৌসুম শুরু হয়েছে গত ২ ডিসেম্বর। উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসকে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স।
