Published : 09 Apr 2026, 11:27 PM
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১৩ রানের জন্য সেঞ্চুরি পাননি বাবর আজম। তবে এই ম্যাচে ১৩ রানে পৌঁছে তিনি স্পর্শ করেছেন দারুণ এক মাইলফলক, গড়েছেন রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড এখন বাবরের। পাকিস্তানের ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইলের রেকর্ড।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃহস্পতিবার করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলার পথে এই অর্জন ধরা দেয় পেশাওয়ার জালমি অধিনায়ক বাবরের।
মাইলফলকটি ছুঁতে এ দিন তার প্রয়োজন ছিল ১৩ রান। চতুর্থ ওভারে খুশদিল শাহকে পরপর চার ও ছক্কা মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি।
পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের দ্বাদশ ক্রিকেটার হিসেবে ১২ হাজার বা এর বেশি রান করলেন বাবর। এজন্য তার লাগল ৩৩৮ ইনিংস। গেইল রেকর্ড গড়েছিলেন ৩৪৩ ইনিংসে। ভিরাট কোহলির লেগেছিল ৩৬০ ইনিংস।
বিশ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডের চূড়ায় এখনও গেইল। ‘ইউনিভার্স বস’ ৪৫৫ ইনিংসে করেছেন ১৪ হাজার ৫৬২ রান।
পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বাবরের আগে ১২ হাজার রানে পৌঁছান শোয়েব মালিক। ৫১৫ ইনিংসে ১৩ হাজার ৫৭১ রান নিয়ে তালিকার সাত নম্বরে আছেন তিনি।