১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথম বলে উইকেট ও দুর্দান্ত বোলিং সাকিবের

সাকিবের ২৪ বলের ১৫টিতেই আসেনি কোনো রান।

প্রথম বলে উইকেট ও দুর্দান্ত বোলিং সাকিবের
আবারও মিতব্যয়ী বোলিং করলেন সাকিব আল হাসান। ছবি: আইএল টি-টোয়েন্টি এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 12:05 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট। পরে আর কোনো উইকেট না পেলেও, চার ওভারেই দারুণ বোলিং করলেন সাকিব আল হাসান। তার বলে কোনো বাউন্ডারিই মারতে পারলেন না ব্যাটসম্যানরা। 

আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে শনিবার দুবাই ক্যাপিটালসের বিপক্ষে চার ওভারে স্রেফ ১১ রান দিয়ে একটি উইকেট নেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ২৪ বলের ১৫টিতে আসেনি কোনো রান।

সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে পাঁচ ম্যাচে ওভারপ্রতি ৫.৮৫ করে রান দিয়ে মোট ৩ উইকেট পেলেন সাকিব।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নেওয়া এমিরেটস অধিনায়ক কাইরন পোলার্ড পঞ্চম ওভারে বল তুলে দেন সাকিবের হাতে। আক্রমণে এসেই শায়ান জাহাঙ্গিরকে ফিরিয়ে ২৬ রানের শুরুর জুটি ভাঙেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তার ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে মেরে ডিপ মিডউইকেটে ধরা পড়েন ক্যাপিটালসের ওপেনার।

তৃতীয় বলে ২ রান নিতে পারেন জর্ডান কক্স। ওভারের বাকি চার বলে কোনো রান নিতে পারেননি ইংলিশ ব্যাটসম্যান। তাকে একরকম উইকেটে বেঁধে রাখেন সাকিব।

তার পরের ওভারে আসে কেবল চারটি সিঙ্গল। টানা স্পেলে তৃতীয় ওভারে তিনি দেন স্রেফ ১ রান। প্রথম বল ‘ডট’ খেলা কক্স দ্বিতীয়টিতে নেন সিঙ্গল। পরের চার বলে কোনো রান নিতে পারেননি আফগান অলরাউন্ডার মোহাম্মাদ নাবি।

সাকিবের বোলিং ফিগার তখন ৩-০-৭-১!

কোটার শেষ ওভারে প্রথম পাঁচ বলে তিনি দেন ২ রান। শেষ বলে ডাবল নিতে পারেন জেমস নিশাম। এই ওভারে আসে ৪ রান।

ধুঁকতে ধুঁকতে ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করতে পারে ক্যাপিটালস। নাবি সর্বোচ্চ ২২ রানে অপরাজিত থাকেন ৩০ বল খেলে। 

৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে এমিরেটসের সফলতম বোলার আফগান রহস্য স্পিনার এএম গাজানফার।

ছোট লক্ষ্য এমিরেটস ছুঁয়ে ফেলে ৮ উইকেট ও ২০ বল হাতে রেখে। সাকিবকে তাই ব্যাটিংয়ে নামতে হয়নি।

প্রথম কোয়ালিফায়ারে আগামী মঙ্গলবার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেলবে এমিরেটস। আগামী বৃহস্পতিবার এলিমিনেটরে ক্যাপিটালস খেলবে গাল্ফ জায়ান্টস অথবা আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে।

এবারের আসরে ক্যাপিটালসের হয়ে খেলে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার বিপিএলের কারণে ফিরে এসেছেন দেশে।