১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

টেস্টের ২ দিন আগে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, তিন নম্বরে টিকে গেলেন পোপ

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাইরে থাকতে হচ্ছে জ্যাকব বেথেলকে।

টেস্টের ২ দিন আগে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, তিন নম্বরে টিকে গেলেন পোপ
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দেড়শ ছাড়ানো ইনিংস খেলেন অলিভার পোপ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 12:56 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

অলিভার পোপ নাকি জ্যাকব বেথেল- ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তিন নম্বরে এই দুজনের কে সুযোগ পাবেন, তা নিয়ে ছিল আলোচনা। শেষ পর্যন্ত এই পজিশনে টিকে গেছেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক পোপ। বেথেলকে তাই থাকতে হচ্ছে বাইরে।

লিডসে আগামী শুক্রবার শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর দুই দিন আগেই বুধবার একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা।

গত বছরের শেষ দিকে বেথেলের টেস্ট অভিষেক হয় নিউ জিল্যান্ড সফরে। প্রথম তিন টেস্টে তিনটি ফিফটি করে আলো ছড়ান তিনি। এর মধ্যে ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসে করেন ৯৬ রান। তিন টেস্টের ওই সিরিজে পোপ ব্যাটিং করেন ছয় নম্বরে।

গত মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে পোপ ফেরেন তিন নম্বরে। ওই সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে থাকায় টেস্ট ম্যাচটি খেলতে পারেননি বেথেল। ওই ম্যাচে ১৭১ রানের ইনিংস খেলে তিন নম্বরের দাবি জোরাল করেন গত বছর বাজে সময় কাটানো পোপ।

ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি মঙ্গলবার বলেছিলেন, তিন নম্বরে জায়গা পাওয়ার লড়াই পোপ ও বেথেলের ক্যারিয়ারের গতিপথ নির্ধারণ করে দেবে না এবং এই পজিশনে তাদের ‘দুর্দান্ত দুটি বিকল্প’ আছে। শেষ পর্যন্ত পোপকে বেছে নিল তারা।

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জেতা টেস্ট থেকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেই দুই পেসার গাস অ্যাটকিনসন ও স্যাম কুক। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও সেরে ওঠেননি অ্যাটকিনসন। বাদ পড়েছেন কুক। 

তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ও ব্রাইডন কার্স।   

গত ডিসেম্বরের পর প্রথমবার টেস্ট খেলবেন ওকস। ঘরের মাঠে প্রথমবার সাদা পোশাকে খেলবেন কার্স। ক্যারিয়ারের প্রথম পাঁচটি টেস্ট তিনি খেলেছেন পাকিস্তান ও নিউ জিল্যান্ড সফরে।

একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শোয়েব বাশির। প্রয়োজনে স্পিনে হাত ঘোরাতে পারবেন ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান জো রুট।

প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলিভার পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বাশির।