Published : 31 Aug 2026, 09:03 PM
লর্ডস টেস্টের কোনো ইনিংসেই ব্যাটিং না করায় সমালোচনার মুখে পড়েছেন ইমাম-উল-হাক। ম্যাচের চতুর্থ দিন পাকিস্তানের এই ওপেনারকে পায়ে টেপ পেঁচিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখে তোপ দেগেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড।
সিরিজের দ্বিতীয় এই টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় পায়ের মাংসপেশিতে টান লাগায় পরদিন পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেননি ইমাম। ওই দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, স্ক্যানে ইমামের পায়ের পেশিতে হালকা স্ট্রেইন ধরা পড়েছে এবং চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার ওপরই নির্ভর করছে টেস্টের বাকি অংশে তার অংশগ্রহণ।
শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসেও আর ব্যাটিংয়ে নামেননি তিনি। চতুর্থ দিন ইংল্যান্ডের দেওয়া ৩৮৯ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ম্যাচ হারে ১৯৪ রানে।
চতুর্থ দিনের খেলা শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা যখন গা গরম করছিল, তখন পায়ের মাংসপেশিতে টেপ বাঁধা অবস্থায় ইমামকে হালকা ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। খুঁড়িয়েও হাঁটছিলেন তিনি।
ওই সময় স্কাই স্পোর্টসে আলোচনা করছিলেন সাবেক তিন ক্রিকেটার মাইকেল আথারটন, উরুজ মুমতাজ ও ব্রড। ইমামকে ওভাবে দেখে খুশি হতে পারেননি ব্রড। তার মতে, চোটকে এতটা দৃশ্যমান না করে ইমাম ব্যক্তিগতভাবে তার পুনর্বাসন চালিয়ে যেতে পারতেন।
“এসব লোক দেখানো। সে গণমাধ্যম এবং হয়তো তার সতীর্থদের কাছ থেকে কিছুটা কটুক্তি শুনেছে। যাই হোক। কাউকে না দেখিয়েই ইনডোর স্কুলে এটা (অনুশীলন) করা যেত। শর্টস পরে ও টেপ পেঁচিয়ে এভাবে খুঁড়িয়ে হাঁটার প্রয়োজন ছিল না। দুঃখিত, আমি এতে মোটেও খুশি নই।”
ইমামের অনুশীলনের ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কেউ কেউ তার চোটের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
একজন এক্স-এ লিখেছেন, “ভাঙা হাত, ভাঙা পায়ের আঙুল, পিঠে সমস্যা নিয়েও ব্যাট করতে দেখেছি আমি। কিন্তু শুধু চোট দেখানোর জন্য কাউকে অনুশীলনে আসতে দেখিনি, তিনি আবার ব্যাটও করেন না।”
ব্রডের মন্তব্যকে সমর্থন করে আরেক জন লিখেছেন, “ইমামের আচরণ নিয়ে স্টুয়ার্ট ব্রডের পর্যবেক্ষণটি একদম সঠিক। তিনি চোট নিয়ে প্রশ্ন তুলছেন না বা কোনো সন্দেহ প্রকাশ করছেন না; তিনি কেবল ইমামের আচরণ সম্পর্কে একটি যুক্তিযুক্ত বিষয় তুলে ধরেছেন।”
৩০ বছর বয়সী এই ক্রিকেটারের অনুশীলনের ভিডিওটি সোমবার এক্স-এ শেয়ার করে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার লেখেন, “এত কিছুর পর সে কি ব্যাট করতে নেমেছিল?”
এর আগে পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক মোহাম্মাদ ওয়াসিম অভিযোগ করেন, ইমাম চোটের ভান করেছেন। এমনকি এই ওপেনার আগেও এমনটা করেছেন বলে দাবি করেন তিনি।