জ্যাকসের দীর্ঘ অপেক্ষার অবসান
অবশেষে টেস্ট খেলতে যাচ্ছেন ইংলিশ এই অলরাউন্ডার।
২০২২ সালে টেস্ট অভিষেক উইল জ্যাকসের। সাদা পোশাকে সবশেষ দেশের প্রতিনিধিত্বও করেন ওই বছর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আবার ক্রিকেটের অভিজাত সংস্করণে খেলতে যাচ্ছেন ইংলিশ এই অলরাউন্ডার।
আগামী বৃহস্পতিবার শুরু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দিবা-রাত্রির টেস্ট। ব্রিজবেনে অনুষ্ঠেয় ম্যাচটির জন্য দুই দিন আগে মঙ্গলবার একাদশ ঘোষণা করে দিয়েছে ইংলিশরা। যেখানে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী জ্যাকস।
দুই দিনে হেরে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টের একাদশ থেকে নেই মার্ক উড। চোটের কারণে আসছে ম্যাচ থেকে ছিটকে গেছেন গতিময় এই পেসার।
চলতি অ্যাশেজ সিরিজ দিয়ে তিন বছর পর টেস্ট দলে ফেরেন জ্যাকস। গত দুই মৌসুমে কেবল পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ব্যাটিং অলরাউন্ডার এবার জায়গা করে নিলেন একাদশেও।
২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে এই সংস্করণে পথচলা শুরু জ্যাকসের। ওই সফরে মুলতান টেস্টেও খেলেন তিনি। এরপর আর টেস্ট খেলার সুযোগ পাননি জ্যাকস।
দুই টেস্টের ক্যারিয়ারে ৮৯ রান করেছেন জ্যাকস। অফ স্পিনে নিয়েছেন ৬ উইকেট, সবগুলো এক ইনিংসে। ব্যাটিংয়ে শক্তি বাড়াতে বিশেষজ্ঞ স্পিনার শোয়েব বাশিরকে বাইরে রেখে জ্যাকসকে একাদশে রেখেছে ইংল্যান্ড।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে ২ হাজার ৫৯১ রান করেছেন জ্যাকস। টি-টোয়েন্টিতে ৫ সেঞ্চুরি ও লিস্ট ‘এ’তে একটি শতক আছে তার। আর বল হাতে প্রথম শ্রেণিতে ৪৯, লিস্ট ‘এ’ তে ১৭ ও টি-টোয়েন্টিতে ৮০ শিকার ধরেছেন তিনি।
পেস বোলিং বিভাগে আছেন জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড।
ব্রিজবেন টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার।
