বিজ্ঞাপনী বোর্ডে ধাক্কা লাগার পরদিন ম্যাচ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান
আঘাত পাওয়ার পর ফিল্ডিং ও ব্যাটিং করলেও পরে সারা রাত ধরে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় দ্বিতীয় দিন সকালে ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে।
অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা ফিরে পাওয়ার অভিযানের শুরুতেই ধাক্কা খেলেন জেইক ওয়েদেরল্ড। এই ধাক্কা আক্ষরিক অর্থেই। শেফিল্ড শিল্ডে নতুন মৌসুমের প্রথম দিনেই ফিল্ডিংয়ের সময় বাউন্ডারির বাইরে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মাথায় আঘাত লাগার ঘটনায় মাঠের বাইরে যেতে হয়েছে তাকে। বিলম্বিত কনকাশনের কারণে ম্যাচ থেকেই ছিটকে গেছে এই ওপেনার।
মেলবোর্নের জাংশন ওভালে বুধবার সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচে এই দুর্ঘটনার শিকার হন ওয়েদেরল্ড। তবে তার সেই আঘাতের লক্ষণ ফুটে ওঠে পরদিন।
ম্যাচের প্রথম সকালে ২৪তম ওভারে অলিভার পিকের একটি কভার ড্রাইভ তাড়া করতে গিয়ে সীমানায় বলটিকে টেনে ভেতরে আনার জন্য মাথা নিচু করে ঝাঁপ দেন ওয়েদেরল্ড। কিন্তু বল থামাতে পারেননি। উল্টো নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমমে একপাশে ও পরে পিঠের উপর গড়িয়ে পড়েন। সীমানা দড়ি পেরিয়ে তিনি কয়েক মিটার পর্যন্ত পিছলে যেতে থাকেন এবং বাউন্ডারি পিকেটে থাকা একটি ধাতব বিজ্ঞাপনের হোর্ডিংয়ের গোড়ায় তার মাথার পেছনের অংশে আঘাত লাগে।
একটু পর একজন সতীর্থের সাহায্যে ওয়েদারল্ড সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান এবং প্রাথমিকভাবে তাকে দেখে মনে হয়নি যে তিনি কোনো সমস্যায় পড়েছেন। এমনকি দিনের বাকি সময় তিনি ফিল্ডিং করেন। ভিক্টোরিয়া ২৪৪ রানে অলআউট হওয়ার পর শেষ বিকেলে ব্যাটিং ওপেন করতে নামেন এবং আউট হয়ে যান শূন্য রানে।
পরে সারা রাত ধরে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় দ্বিতীয় দিন সকালে ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয় ৩১ বছল বয়সী ওপেনারকে।
তার বদলে নেওয়া হয় কিপার-ব্যাটার ম্যাথু গিলকেসকে।
ওয়েদারল্ড এখন পর্যবেক্ষণে থাকবেন এবং আবার মাঠের নামার অনুমতি পাওয়ার আগে তাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপসর্গমুক্ত থাকতে হবে। ১৯ অক্টোবর থেকে শিল্ডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অ্যাডিলেইডে কুইন্সল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার হয়ে ছয় টেস্ট খেলে খুব একটা সুবিধে করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। গত অ্যাশেজে পাঁচ টেস্ট খেলে ফিফটি করেন কেবল একটি। এরপর অগাস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তাকে দলে রাখা হয়। কিন্তু প্রথম টেস্টে ব্যর্থতার পর বাদ দেওয়া হয় তাকে।
শেফিল্ড শিল্ড শুরুর আগে ঘরোয়া একদিনের ম্যাচে একটি ইনিংস খেলে অবশ্য ৯২ রান করেছেন তিনি।
