১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড শিবিরে ধাক্কা

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার রস অ্যাডায়ার।

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড শিবিরে ধাক্কা
রস অ্যাডায়ার। ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 09:03 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রস অ্যাডায়ারকে পাচ্ছে না আয়ারল্যান্ড। হাঁটুর চোটে ছিটকে গেছেন এই ওপেনার। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন জর্ডান নিল।  

ক্রিকেট আয়ারল্যান্ড সোমবার এক বিবৃতিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যাডায়ার। মাঝে কয়েক মাসে একাধিক চোট সমস্যা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন তিনি। এই বছর তিনটি টি-টোয়েন্টিতে, গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ এবং সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ ও ৩৩ রানের ইনিংস খেলেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। 

এখন আবার চোটের ধাক্কায় তাকে বাইরে ছিটকে যেতে হলো। এখন হয়তো আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জাতীয় দলে দেখা যাবে রস অ্যাডায়ারকে, যিনি আরেক আইরিশ ক্রিকেটার মার্ক অ্যাডায়ার দুই বছরের বড় ভাই। 

এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টিতে ১৪২.০৪ স্ট্রাইক রেটে ৩৭৫ রান করা রস অ্যাডায়ারকে হারিয়ে হতাশ আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।

“বাংলাদেশ সফর শুরুর আগ মুহূর্তে রসকে হারানো খুবই দুর্ভাগ্যজনক। ২০২৫ সালে অল্প কিছু সুযোগ পেয়ে নিজের সেরাটা মেলে ধরেছিল সে, বাংলাদেশের বিপক্ষে তাকে পারফর্ম করতে দেখার জন্য উন্মুখ হয়ে ছিলাম আমরা।”

টি-টোয়েন্টি দলে যুক্ত হওয়া জর্ডান এই মুহূর্তে বাংলাদেশেই আছেন টেস্ট দলের সঙ্গে। গত মে মাসে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের। অন্য দুই সংস্করণে এখনও জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। 

সিলেটে মঙ্গলবার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে আগামী ২৭ নভেম্বর।