১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিডনিতেও আগ্রাসী ঘরানার ক্রিকেট খেলবে ইংল্যান্ড

অস্ট্রেলিয়া বোলিং বিভাগে পরিবর্তন আনলেও, ইংল্যান্ডের খেলায় কোনো বদল আসবে না বলে জানিয়েছেন দলটির ওপেনার জ্যাক ক্রলি।

সিডনিতেও আগ্রাসী ঘরানার ক্রিকেট খেলবে ইংল্যান্ড
ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 07:26 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

সিডনি টেস্টে বোলিং বিভাগে পরিবর্তন আনতে পারে অস্ট্রেলিয়া, খেলানো হতে পারে স্পিনার টড মার্ফিকে; আলোচনা চলছে এসব নিয়ে। এমন কিছু হলে কি নিজেদের খেলায় বদল আনবে ইংল্যান্ড? দলটির ওপেনার জ্যাক ক্রলি জানিয়ে দিলেন, আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলে যাবেন তারা।

এবারের অ্যাশেজে দুই দলই স্পিনে খুব একটা আগ্রহ দেখায়নি। অস্ট্রেলিয়া যেমন অভিজ্ঞ অফ স্পিনার ন্যাথান লায়নকে খেলিয়েছে কেবল দুই ম্যাচ, যার একটিতে স্রেফ দুই ওভার বোলিং করেছেন লায়ন।

আর ইংল্যান্ড তো কোনো ম্যাচেই বিশেষজ্ঞ কোনো স্পিনার খেলায়নি। উইল জ্যাকসকে তিন ম্যাচে খেলিয়েছে তারা, অফ স্পিন করতে পারলেও মূলত তিনি ব্যাটিং অলরাউন্ডার।

বিভিন্ন গণমাধ্যমের খবর, সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে টড মার্ফিকে খেলাতে পারে অস্ট্রেলিয়া। এমনটা হলে, ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নামবেন এখন পর্যন্ত এই সংস্করণে সাত ম্যাচ খেলা এই অফ স্পিনার।

আগামী রোববার শুরু হবে সিডনি টেস্ট। ম্যাচটি সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রলি বলেন, অস্ট্রেলিয়া দলে যে-ই খেলুক না কেন, তাদের খেলার ধরন একই থাকবে।

“যে-ই খেলুক না কেন, আমাদের দলের মূলমন্ত্রই হলো, প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করা। টড খুব ভালো বোলার। তবে তাকেও চাপে রাখার চেষ্টা করাই আমাদের পরিকল্পনা, যেমনটা আমরা তাদের সকল বোলারদের বিপক্ষে করব।”

অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালামের যুগে টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলে যেমন সাফল্য পেয়েছে ইংল্যান্ড, তেমনি দেখেছে মুদ্রার উল্টো পিঠও। এবারের অ্যাশেজেই যেমন প্রথম তিন ম্যাচে হেরে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের।

পরে মেলবোর্নে চতুর্থ ম্যাচ জয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসান হয় ইংলিশদের। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় তারা।