Published : 26 Dec 2025, 11:04 PM
স্টুয়ার্ট ব্রড, অ্যালেস্টার কুক, মাইকেল ভনের চোখে উইকেট ‘ব্যাটসম্যানদের জন্য অন্যায্য।’ গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি বললেন, ‘বেশি কিছু আছে।’ বক্সিং ডে টেস্টের প্রথম দিন ২০ উইকেট পতনের পর পিচের তীব্র সমালোচনা করলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) কিউরেটর ম্যাট পেজ অ্যাশেজের চতুর্থ টেস্টের আগে বলেছিলেন, গত বছরের বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য এখানে যেমন উইকেট তৈরি করেছিলেন, এবারও তেমন কিছুর আশা করছেন তিনি। ভারতের বিপক্ষে ওই ম্যাচ পঞ্চম দিনের শেষ সেশনে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে এবারের ম্যাচটি পঞ্চম দিন তো দূরের কথা, চতুর্থ দিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনাও খুবই কম।
এবার উইকেটে ১০ মিলিমিটার ঘাস রেখে দিয়েছিলেন পেজ, যা গত বছরের টেস্টের তুলনায় ৩ মিলিমিটার বেশি। দুই দলের পেসাররাই দিন জুড়ে যথেষ্ট সিম মুভমেন্ট পেয়েছেন। বাউন্স তো ছিলই। ব্যাটসম্যানদের কাজ ছিল কঠিন। রেকর্ড দর্শকের সামনে বোলারদের আধিপত্যে ম্যাচ শুরুর দিনেই শেষ হয়ে গেছে দুই দলের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার ১৫২ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ১১০ রানে।
দুই দল মিলিয়ে ২০ উইকেট পতন- ১৯০৯ সালের পর কোনো অ্যাশেজ টেস্টের প্রথম দিন সবচেয়ে বেশি উইকেট পতনের ঘটনা এটিই। পেছনে পড়ে গেছে এই সিরিজের প্রথম টেস্টে পার্থে প্রথম দিনের ১৯ উইকেট।
অস্ট্রেলিয়ার এসইএন রেডিওতে ইংলিশ পেস বোলিং গ্রেট ব্রড বলেন, টেস্ট ম্যাচে পেসারদের জন্য এত বেশি মুভমেন্টের প্রয়োজন নেই।
“আমি যদি খুব কঠোরভাবে বলি, পিচই খুব বেশি ভূমিকা রাখছে। টেস্ট ম্যাচের বোলারদের ভয়ঙ্কর দেখানোর জন্য এত মুভমেন্টের দরকার হয় না। টেস্ট ম্যাচের দারুণ পিচে সচরাচর বাউন্স থাকে, কিন্তু এখানকার মতো বল এত (অস্বাভাবিক) মুভ করে না।”
দুই দল মিলিয়ে ৫০ বা এর বেশি বল খেলতে পেরেছেন কেবল উসমান খাওয়াজা, ৫২টি। ইংল্যান্ডের কেউ ৪০ বলও খেলতে পারেননি। হ্যারি ব্রুকের ৪১ রান দুই দল মিলিয়েই সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ার পেস বোলিং গ্রেট ম্যাকগ্রা বিবিসিকে বলেন, এমন উইকেটে ব্যাটসম্যানদের রান করা আসলেই খুব কঠিন।
“এই পিচে অনেক বেশি ঘাস আছে... টেস্ট ক্রিকেটের জন্য এই পিচে অনেক বেশি প্রাণ আছে... অস্ট্রেলিয়ানরা ভালো বোলিং করেছে, কিন্তু এমন পিচে ব্যাটসম্যানদের নিজেদের মেলে ধরা কঠিন।”
২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজে এমসিজির ব্যাটিং-বান্ধব উইকেট নিয়ে সমালোচনা হয়েছিল প্রবল। সেবার পাঁচ দিনে উইকেট পড়েছিল মোটে ২৪টি। সাম্প্রতিক বছরগুলোতে এখানকার পিচ অনেক বেশি স্পোর্টিং হয়ে উঠেছে।
আট বছর আগের সেই ম্যাচে অপরাজিত ২৪৪ রানের ইনিংস খেলা সাবেক ইংলিশ অধিনায়ক কুক টিএনটি স্পোর্টসকে বলেন, ব্যাট-বলের কোনো ভারসাম্যই ছিল না এবার।
“উইকেট পেতে বোলারদের কঠোর পরিশ্রম করতে হয়নি। এটি অন্যায্য প্রতিযোগিতা ছিল। আমি জানি না ব্যাটসম্যানরা কীভাবে বল খেলল। যদি আগামীকাল উইকেট ফ্ল্যাট হয়, তাহলে ঠিক আছে, তিন বা চার দিনের মধ্যে সমানে সমান প্রতিযোগিতা হবে।”
বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল-এ আলাপে আরেক সাবেক ইংলিশ অধিনায়ক ভন বলেন, গ্যালারিতে উপস্থিত ৯৪ হাজার ১৯৯ জন দর্শক হয়তো আনন্দ নিয়ে ঘরে ফিরেছে, কিন্তু ‘এই ধরনের উইকেটে টেস্ট ক্রিকেট হয় না।’
“আমরা সবসময় ব্যাট ও বলের মধ্য ন্যায্য ভারসাম্য খুঁজি। কিন্তু এখানে আমার মনে হয়েছে, ব্যাটসম্যানদের জন্য সবকিছু অন্যায্য ছিল। পিচ অনেক কিছু করেছে। অনেক মুভমেন্ট দেখা গেছে। উভয় দলের জন্যই সহজ ছিল না।”
ফক্স ক্রিকেটে আলাপে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি উইকেট নিয়ে একটু মজাও করলেন।
“আমার মনে হয় (উইকেটে) বেশি কিছু আছে। যদি (এখন) আমি একজন ফাস্ট বোলার হিসেবে খেলতাম, তাহলে দিন শেষে আমি অভিযোগ করতাম না। এটা ভিন্ন ধাঁচের উইকেট।”