Published : 15 Nov 2025, 06:53 PM
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আন্দ্রে রাসেলের দীর্ঘ সম্পর্কের আপাতত সমাপ্তি। ২০২৬ আইপিএলের নিলামের আগে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত আসরের দল থেকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। এদিন সন্ধ্যায় ১০ ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
কলকাতা যে ১২ জন খেলোয়াড়কে ধরে রেখেছে, সেখানে নেই রাসেলের নাম। ২০১৪ সালের আসর থেকে দলটির হয়ে খেলছিলেন তিনি। ২০১৪ ও ২০২৪ সালে তাদের শিরোপা জয়ী দলের অংশও ছিলেন।
২০১২ সালে তখনকার দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে অভিষেক হয় রাসেলের। দুই বছর পর কলকাতায় যোগ দিয়ে সেখানে প্রথম আসরে তেমন কিছু তিনি করতে পারেননি। তবে ২০১৫ আসর থেকে পারফর্ম করছিলেন ধারাবাহিকভাবে।
গত আইপিএলের মেগা নিলামের আগে ১২ কোটি রুপিতে তাকে ধরে রাখে কলকাতা। সেবার ১৩ ম্যাচ খেলে খুব ভালো তিনি করতে পারেননি। ওভারপ্রতি ১১.৯৪ করে রান দিয়ে উইকেট নিতে পারেন কেবল ৮টি। ১৮.৫৬ গড় ও ১৬৩.৭৩ স্ট্রাইক রেটে রান করেন ১৬৭। ফিফটি ছিল একটি।
সামগ্রিকভাবে রাসেলের আইপিএল ক্যারিয়ার বেশ উজ্জ্বল। ১৪০ ম্যাচে ১৭৪.১৮ স্ট্রাইক রেটে রান আড়াই হাজারের বেশি। উইকেট আছে ১২৩টি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ২ হাজার রান ও ১০০ উইকেটের যুগল তিনি ছাড়া আছে আর কেবল রাভিন্দ্রা জাদেজার, যাকে এবার ‘ট্রেড উইন্ডো’ কাজে লাগিয়ে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস।
২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে রাসেলকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল কলকাতা এবং পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কেবল টি-টোয়েন্টি সংস্করণে খেলেছেন তিনি।
গতবার নিলাম থেকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেওয়া ভেঙ্কাটেশ আইয়ারকেও ছেড়ে দিয়েছে তিনবারের আইপিএল জয়ী কলকাতা। বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়ে গত আসরে শুরুর দিকে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও, পরে তুলনামূলক ভালো করেন ভেঙ্কাটেশ। তবে আগের দুই আসরের মতো রান তিনি করতে পারেননি।
ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে আরেক বড় নাম গ্লেন ম্যাক্সওয়েল। গতবার নিলাম থেকে চার কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টেনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু সাত ম্যাচ খেলে তেমন কিছু করতে পারেননি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। গতবারের রানার্স-আপরা ধরে রাখেনি তাকে।
আরেক অস্ট্রেলিয়ান জশ ইংলিসকেও ছেড়ে দিয়েছে পাঞ্জাব। এছাড়া ডেভিড মিলার, মুজিব উর রাহমান, ফাফ দু প্লেসি, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, লিয়াম লিভিংস্টোনের মতো ক্রিকেটারদের ধরে রাখেনি তাদের ফ্র্যাঞ্চাইজিরা।
গতবার মাঝপথে আইপিএল স্থগিত হওয়ার পর ফ্রেজার-ম্যাকগার্ক দেশে ফিরে যাওয়ায় তার বদলি হিসেবে মুস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অস্থায়ীভাবে বদলি হিসেবে দলে নেওয়া ক্রিকেটারদের ধরে রাখার নিয়ম নেই। অর্থাৎ নিলামে যেতে হবে মুস্তাফিজকে।
আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে মিনি নিলাম।