১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৬০ ইনিংস পর ফিফটি, মোসাদ্দেকের ব্যাটে হারানো দিনের ঝড়

৩২ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 07:18 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ব্যাটিং-বোলিং মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে বরাবরই কার্যকর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তবে একটি জায়গায় ঘাটতি ছিল তার দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ। টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পাচ্ছিলেন না লম্বা সময় ধরে। অবশেষে চার বছরের বেশি সময়ের সেই খরা ঘোচালেন তিনি। নিজের সেরা সময়ে ফিরে গিয়ে উপহার দিলেন বিধ্বংসী এক ইনিংস।

মোসাদ্দেকের দুর্দান্ত ব্যাটিংয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগকে উড়িয়ে দেয় ঢাকা বিভাগ।

স্থগিত হয়ে যাওয়া জাতীয় লিগ পুনরায় শুরুর পর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটে ৭১ রানে জেতে ঢাকা বিভাগ। 

পাঁচটি চার ও চারটি ছক্কায় ৩২ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মোসাদ্দেক। 

বিশ ওভারের ক্রিকেটে তার সবশেষ ফিফটি ছিল ২০২১ সালের জুনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে আবাহনীর হয়ে ২৮ বলে অপরাজিত ৫০ করেছিলেন তিনি। ৬০ ইনিংস পর আবার এই সংস্করণে অর্ধশতকের মুখ দেখলেন ২৯ বছর বয়সী ক্রিকেটার।

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা বিভাগ প্রথম ওভারেই হারায় আশিকুর রহমান শিবলিকে। ওই উইকেট নেওয়া মুকিদুল ইসলাম মুগ্ধ দারুণ দুটি ওভারের পর চোটের কারণে আর বল করতে পারেননি।

ওপেনার জিসান আলম বিদায় নেন ১৬ বলে ১৭ রান করে। অধিনায়ক মাহিদুল ইসলাম ফেরেন ১৮ বলে ২২ রানে। 

১২ ওভার শেষেও ঢাকার রান রেট ছিল ওভারপ্রতি ছয়ের নিচে। আরিফুল ইসলাম এক পর্যায়ে ক্রিজে ছিলেন ৩১ বলে ২৫ রান নিয়ে।

মোসাদ্দেক উইকেটে গিয়েই বদলে দেন চিত্র। আরিফুলও জ্বলে ওঠেন।

ইনিংসের শেষ দুটি বলে ছক্কায় শেষ করেন মোসাদ্দেক। আরিফুল অপরাজিত থাকেন ৪৯ বলে ৫৯ রান করে।

শেষ ৮ ওভারে ৯৯ রান তোলে ঢাকা।

সেই রান তাড়ায় কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি রংপুর। ইনিংসের প্রথম বলেই আউট হন অনিক সরকার। দ্বিতীয় ওভারের ওভারের প্রথম বলে ফেরেন আরেক ওপেনার তানবীর হায়দার। মিডল অর্ডারেও দাঁড়াতে পারেননি অধিনায়ক আকবার আলিসহ কেউই।

আলাউদ্দিন বাবু করেন ১২ বলে ২১। শেষ দিকে আবু হাশিমের ব্যাট থেকে আসে ২০ বলে ২৫। তিনে নেমে একপ্রান্ত আঁকড়ে রেখে ৩৭ বলে ২৬ রানে অপরাজিত থাকেন নাঈম। 

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা বিভাগ: ২০ ওভারে ১৭১/৩ (আশিকুর ০, জিসান ১৭, আরিফুল ৫৯*, মাহিদুল ২২, মোসাদ্দেক ৬৪*, মুকিদুল ২-০-৬-১, হাশিম ৪-০-১৯-০, সাকলাইন ৪-০-৪৫-১, আলাউদ্দিন ৪-০-৩৮-০, আল মামুন ৩-০-৩২-০, এনামুল ৩-০-৩০-১)।

রংপুর বিভাগ: ১৭.১ ওভারে ১০০/৯ (অনিক ০, তানবীর ১, নাঈম ২৬*, আল মামুন ২, আকবর ১২, নাসির ২, আলাউদ্দিন ২১, সাকলাইন ০, এনামুল ৪, হাশিম ২৫, মুকদুল আহত অনুপস্থিত; নাজমুল অপু ৪-০-২৫-২, মাহফুজুর ৩-০-১৬-১, রিপন ৩-০-১১-২, সুমন ৩-০-২৩-০, তাইবুর ৪-০-২২-৩, মোসাদ্দেক ০.১-০-০-১)।

ফল: ঢাকা বিভাগ ৭১ রানে জয়ী।

ম্যান অব দা ম্যচ: মোসাদ্দেক হোসেন।