১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২ উইকেট নাহিদের, উইকেটশূন‍্য শরিফুল

পেশাওয়ার জালমিকে ২৪ রানে জিতিয়ে পিএসএল ছেড়ে দেশে ফিরছেন বাংলাদেশের দুই পেসার।

২ উইকেট নাহিদের, উইকেটশূন‍্য শরিফুল
নাহিদ রানা, শরিফুল ইসলামের শেষ ম‍্যাচে ২৪ রানে জিতল পেশাওয়ার জালমি। ছবি: পিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 11:59 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

পিএসএল ছেড়ে বাংলাদেশে ফিরে আসার আগে দুর্দান্ত বোলিং করলেন নাহিদ রানা। মুলতান সুলতান্সের বিপক্ষে পেশাওয়ার জালমির জয়ে বড় ভূমিকা রাখলেন গতিময় এই পেসার। খরুচে প্রথম ওভারের পর, আঁটসাঁট বোলিং করলেন শরিফুল ইসলাম।

করাচিতে সোমবার মুলতানকে ২৪ রানে হারিয়েছে পেশাওয়ার। চার ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নাহিদ। চার ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন‍্য শরিফুল।

নিউ জিল‍্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে এবার ঢাকায় ফিরবেন দুই পেসার।  

মুলতানের ইনিংসে দ্বিতীয় ওভারে বল হাতে পান শরিফুল। সাহিদজাদা ফারহানের ব‍্যাটে বাঁহাতি এই পেসার হজম করেন দুটি চার। বাকি চার বলে আসে চারটি সিঙ্গেল। চতুর্থ ওভারে ফিরে কেবল পাঁচ রান দেন শরিফুল।

তিন ওভারের স্পেলে পাওয়ার প্লের শেষ ওভারটিও করেন শরিফুল। এক চারে এবার দেন আট রান। সব মিলিয়ে প্রথম তিন ওভারে তার খরচ ২৩ রান।

নবম ওভারে প্রথম আক্রমণে আসেন নাহিদ। প্রথম চারটি বল ডট খেলান গতিময় এই পেসার। ওভারের শেষ দুই বলে একটি চারে দেন পাঁচ রান।

পরের ওভারে এক চারে ১১ রান দেন নাহিদ।

শেষ চার ওভারে মুলতানের প্রয়োজন ছিল ৪৬ রান। এর তিনটি করেন বাংলাদেশের দুই পেসার। তারা এই সময়ে দেন কেবল ১৩ রান!

১৭তম ওভারে আক্রমণে এসে আরাফাত মিনহাসকে ফেরান নাহিদ। আঁটসাঁট বোলিংয়ে তিনি দেন কেবল ছয় রান।

১৮তম ওভারে আক্রমণে ফেরেন শরিফুল। ওভারে কেবল পাঁচ রান দিয়ে মুলতানের জন‍্য সমীকরণ কঠিন করে তোলেন বাঁহাতি এই পেসার। 

১৯তম ওভারে নাহিদের প্রথম তিন বল ডট খেলেন মোহাম্মদ নাওয়াজ। চতুর্থ বলে তিনি সিঙ্গল নেন। একটি ওয়াইড করার পর, ওভারের শেষ বলে মোহাম্মদ ওয়াসিমকে কট বিহাইন্ড করে দেন নাহিদ।

১৯৬ রান তাড়ায় মুলতান থামে ১৭২ রানে।