Published : 02 Jan 2026, 01:39 AM
বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যটা নাগালে রাখল দুবাই ক্যাপিটালস। কিন্তু রান তাড়ায় লড়াই জমাতেই পারল না তারা। পেস-স্পিনের যৌথ আক্রমণে বড় জয়ে আইএল টি-টোয়েন্টির ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল আবু ধাবি নাইট রাইডার্স।
এলিমিনেটর ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নাইট রাইডার্সের জয় ৫০ রানে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার নাইট রাইডার্স খেলবে এমআই এমিরেটসের বিপক্ষে, যাদের হয়ে আসরে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম কোয়ালিফায়ারে সাকিবদের হারিয়ে আগেই ফাইনালে উঠেছে ডেজাট ভাইপার্স।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে বিনা উইকেটে ১২১ রানের শক্ত অবস্থানে ছিল নাইট রাইডার্স। কিন্তু ১২২ থেকে ১৩০, ৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ২০ ওভারে ৭ উইকেটে করতে পারে ১৫৮ রান।
প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ৫১ বলে ৮৩ রানের পর এবার ৪৯ বলে ৭২ রানের ইনিংস খেলেন মাইকেল পেপার। ৭ চার ও ৩ ছক্কায় গড়া তার ইনিংসটি। আরেক ওপেনার ফিল সল্ট ৩ চার ও ১ ছক্কায় ৩৪ বলে করেন ৪৩।
৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ক্যাপিটালসের সফলতম বোলার অধিনায়ক মোহাম্মাদ নাবি।
জবাবে শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়ে ১৬.২ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায় ক্যাপিটালস। সর্বোচ্চ ২৭ রান করতে পারেন নাবি।
নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩টি করে উইকেট নেন জেসন হোল্ডার, সুনিল নারাইন ও লিয়াম লিভিংস্টোন।
এবারের আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলে দারুণ বোলিং করেন বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান। প্লে-অফের আগেই অবশ্য তিনি দেশে ফিরে আসেন বিপিএলের কারণে।