আইপিএল শুরুর আগে চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা
বোলিং পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশে থাকা অস্ট্রেলিয়ান পেসারকে গোটা আসরেই পাবে না চেন্নাই সুপার কিংস।
গত মৌসুমের হতাশার পর এবার ঘুরে দাঁড়ানোর অভিযান শুরু হওয়ার আগেই বড় চোট এলো চেন্নাই সুপার কিংসের পরিকল্পনায়। এবারের আসরে তারা পাচ্ছে না ন্যাথান এলিসকে। হ্যামস্ট্রিংয়ের চোটে গোটা আসার থেকেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার।
গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে স্রেফ একটি ম্য্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এলিস। তবে সেই সময়ের চেয়ে এখন তিনি আরও পরিশীলিত বোলার। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলেও এখন তিনি অপরিহার্য নাম। এবার তাকে নিয়ে বড় আশা ছিল চেন্নাইয়ে।
৩১ বছর বয়সী পেসারকে হারানোর হতাশা ফুটে উঠল চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথনের কণ্ঠে।
“আমাদের জন্য এটা বিশাল এক আঘাত। এলিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোলার, বিশেষ করে ডেথ ওভারগুলোয়। এখন আমরা পরিবর্ত ক্রিকেটার খুঁজছি।”
গত আইপিএল চেন্নাইয়ের জন্য ছিল বিভীষিকার মতো। আইপিএলের সফলতম দলটি গতবার ১৪ ম্যাচের মাত্র ৪টিতে জিতে পয়েন্ট তালিকায় ছিল তলানিতে। এবার তাই দল অনেকটা ঢেলে সাজানো হয়েছে। সবসময় অভিজ্ঞতায় জোর দিয়ে দল গড়লেও এবার তারা ভবিষ্যতে চোখ রেখে চোখধাঁধানো অঙ্কে তরুণ কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে। এছাড়াও আইপিএল ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ দলবদলগুলির একটি জন্ম দিয়েছে তারা রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে দিয়ে দলে নিয়েছে সাঞ্জু স্যামসনকে।
নতুন সেই পথচলায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে এখন এলিসকে না পাওয়ায়। চেন্নাইয়ের পেস আক্রমণে বিদেশি পেসার আছেন আপাতত নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি, ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটন ও নিউ জিল্যান্ডের জ্যাক ফোকস।
