১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতার ‘১০০’, নারাইনের ‘২০০’

সুনিল নারাইনের পাশাপাশি মাইলফলক স্পর্শ করল তার দল কলকাতা নাইট রাইডার্সও।

কলকাতার ‘১০০’, নারাইনের ‘২০০’
সতীর্থদের সঙ্গে সুনিল নারাইন। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 08:44 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

আইপিএলে দীর্ঘ পথচলায় আরেকটি দারুণ অর্জনে নাম লেখালেন সুনিল নারাইন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটিতে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন ক্যারিবিয়ান এই স্পিনিং অলরাউন্ডার।

একই দিনে একটি মাইলফলক স্পর্শ করেছে নারাইনের দল কলকাতা নাইট রাইডার্সও। শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়াইটি ইডেন গার্ডেন্সে আইপিএলে তাদের শততম ম্যাচ।

দ্বিতীয় দল হিসেবে আইপিএলে এক মাঠে ১০০ বা এর বেশি ম্যাচ খেলার কীর্তি গড়ল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা। এম চিন্নাসোয়ামিতে এই নজির আছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।  

নারাইনের আগে আইপিএলে দুইশ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন আরও ১২ ক্রিকেটার এবং তাদের সবাই ভারতের। ২৭৯ ম্যাচ খেলে এই তালিকার চূড়ায় আইপিএলের সফলতম ব্যাটসম্যান ভিরাট কোহলি।

২০১২ সালে আইপিএলে অভিষেক থেকে শুধু কলকাতার হয়েই খেলছেন নারাইন। চলতি মাসের শুরুতে প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।