১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেলেন না থুশারা

আইপিএলের শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে পেস বোলিং বিভাগ নিয়ে দুর্ভাবনা আরও বাড়ল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেলেন না থুশারা
নুয়ান থুশারা। ছবি: থুশারার এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 06:49 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

পেস বোলিং বিভাগ নিয়ে দুর্ভাবনা আরও বাড়ল রয়‍্যাল চ‍্যাঞ্জেলার্স বেঙ্গালুরুর। ফিটনেস পরীক্ষায় ব‍্যর্থ হওয়ায় আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেওয়ার অনাপত্তিপত্র পাননি শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারা।

এরই মধ‍্যে ইয়াশ দায়ালকে হারিয়েছে বেঙ্গালুরু। এবারের আসরে অভিজ্ঞ পেসার জশ হেইজেলউডের খেলা নিয়েও আছে শঙ্কা। এর মধ‍্যেই দুঃসংবাদ এলো থুশারাকে নিয়ে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বাধ‍্যতামূলক ফিটনেস পরীক্ষায় উৎরাতে পারেননি থুশারা। তাই বোর্ড থেকে অনাপত্তিপত্রও পাননি তিনি।

এসএলসির প্রধান নির্বাহী অ‍্যাশলি ডি সিলভা শুক্রবার নিশ্চিত করেন, ফিটনেস পরীক্ষায় ২৯ পয়েন্টের মধ‍্যে পাস মার্ক ১৭ পাননি থুশারা। 

তাই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শনিবার বেঙ্গালুরুর প্রথম ম‍্যাচ, যা চলতি মৌসুমেরও প্রথম ম‍্যাচ, সেটিতে খেলা হবে না থুশারার। আগামী ৫ এপ্রিল নিজেদের দ্বিতীয় ম‍্যাচ খেলবে বেঙ্গালুরু, সেটিতে হয়তো থাকতে পারেন থুশারা। তবে ফের ফিটনেস পরীক্ষায় ব‍্যর্থ হলে নিকট ভবিষ‍্যতে কোথাও খেলার সুযোগ হবে না তার। চার বা পাঁচ দিন বিরতি নিয়ে আরেকটি ফিটনেস পরীক্ষার দুয়ার খোলা আছে এই পেসারের। 

শ্রীলঙ্কার দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা চোট থেকে সেরে উঠছেন। আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেতে প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষায় এখনও অংশ নেননি তারা। 

এবারের আসরে লাক্ষ্নৌ সুপার জায়ান্টস দলে খেলবেন হাসারাঙ্গা। কালকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন পাথিরানা। 

কলকাতার প্রধান কোচ আভিশেক নায়ার ২০ মার্চ বলেছিলেন, শুরুর দিকের ম‍্যাচগুলোতে পাওয়া যাবে না পাথিরানাকে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ফিরতে পারেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে ছিটকে যান এই গতিময় পেসার। ওই টুর্নামেন্টেই শ্রীলঙ্কার প্রথম ম‍্যাচে খেলার সময় হ‍্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যান হাসারাঙ্গা।