১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট দ. আফ্রিকার বিরুদ্ধে আদালতে গিয়ে সফল শামসি

আইএল টি-টোয়েন্টির বাকি অংশের জন্যও তাকে অনাপত্তিপত্র দিতে বোর্ডকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট, এই রায়ের প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী।

ক্রিকেট দ. আফ্রিকার বিরুদ্ধে আদালতে গিয়ে সফল শামসি
সিপিএলের ফ্র্যাঞ্চাইজি সেন্ট লুসিয়া কিংসের জার্সিতে তাব্রেইজ শামসি (বাঁয়ে)। ছবি: সিপিএল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 10:22 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ঐতিহাসিক একটি রায় দিয়েছে দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট। চলমান আইএল টি-টোয়েন্টির বাকি অংশের জন্যও তাব্রেইজ শামসিকে অনাপত্তিপত্র দেওয়ার জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে (সিএসএ) নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ের প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সার ক্রিকেটারদের মাঝে।  

কিছু দিন আগে এসএটোয়েন্টির দল এমআই কেপ টাউন থেকে নিজেকে সরিয়ে নেন শামসি। আইএল টি-টোয়েন্টি ও বিগ ব্যাশ লিগে খেলার জন্য মূলত এই সিদ্ধান্ত নেন বাঁহাতি রিস্ট স্পিনার। 

প্রায় ২৯ হাজার ডলারে শামসিকে দলে নিয়েছিল এমআই কেপ টাউন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এতে নিলামের সময়কার শর্ত লঙ্ঘন করেন তিনি। এরপরও গত নভেম্বরে তার সিদ্ধান্ত মেনে নেয় এসএটোয়েন্টি এবং নতুন খেলোয়াড় নেয় এমআই কেপ টাউন।

আইএল টি-টোয়েন্টিতে গাল্ফ জায়ান্টসের সঙ্গে চুক্তি করেন দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১২৭ ম্যাচ খেলা শামসি। প্রাথমিকভাবে ওই টুর্নামেন্টের মাঝামাঝি সময় ১৯ ডিসেম্বর পর্যন্ত খেলার জন্য অনাপত্তিপত্র দেয় সিএসএ। এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হাই কোর্টে গিয়ে পুরো টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র চান শামসি এবং সেখানে রায় এলো তার পক্ষে। 

আগামী ৪ জানুয়ারি, টুর্নামেন্টের ফাইনালের দিন পর্যন্ত শামসির অনাপত্তিপত্রের মেয়াদ বাড়াতে এবং তার আইনী প্রক্রিয়া চালানোর খরচ দিতে সিএসএকে নির্দেশ দেয় আদালত। বিগ ব্যাশের জন্য শামসিকে আলাদা একটি অনাপত্তিপত্র দিয়েছে সিএসএ। চলমান এই টুর্নামেন্টে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন রিস্ট স্পিনার। 

বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ক্রমবৃদ্ধির সঙ্গে অনেক দেশেই ক্রিকেটারদের অনাপত্তিপত্র নিয়ে জটিলতা গত কয়েক বছর ধরেই বাড়ছে। নিজেদের ঘরোয়া মৌসুমে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে এই রায়কে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারেন ফ্রিল্যান্স ক্রিকেটাররা।

আইসিসির নিয়মানুযায়ী, অন্য দেশের ঘরোয়া টুর্নামেন্ট বা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে একজন ক্রিকেটারের নিজ দেশের বোর্ডের অনাপত্তিপত্র প্রয়োজন হয়। নিজেদের দেশের ঘরোয়া ক্রিকেট চলার সময়ে সাধারণত বোর্ডগুলো কাউকে অনাপত্তিপত্র দিতে চায় না।     

সামনে থাকা সব সুযোগ কাজে লাগাতে গত বছর সিএসএর জাতীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন শামসি। ৩৫ বছর বয়সী বোলারকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখনও পাবে দক্ষিণ আফ্রিকা। তবে এখন তার কোনো ঘরোয়া চুক্তি নেই এবং গত ফেব্রুয়ারি থেকে জাতীয় দলে ডাকও পাচ্ছেন না তিনি। 

এসএটোয়েন্টিতে এর আগে পার্ল রয়্যালস ও জোবার্গ সুপার কিংসের হয়ে খেলেছেন শামসি। ভবিষ্যতে এই টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা এখন খুব ক্ষীণ। সিএসএ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।