২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

৫ সেশনে ম্যাচ শেষ, ‘ভয়ঙ্কর’ পিচ বানানোয় সমারসেটকে ধুয়ে দিলেন বোথাম

সমারসেটের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপকে ‘প্রহসনে’ পরিণত করার অভিযোগ এনেছেন ইংলিশ কিংবদন্তি।

৫ সেশনে ম্যাচ শেষ, ‘ভয়ঙ্কর’ পিচ বানানোয় সমারসেটকে ধুয়ে দিলেন বোথাম
টন্টনের উইকেট ও ইয়ান বোথাম। ছবি: বোথামের এক্স পাতা ও রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

উইকেটে ঘাসের আচ্ছাদন। এতটাই সবুজ যে আউটফিল্ড থেকে উইকেট আলাদা করাই কঠিন। সেটির প্রতিফলন পড়ল খেলায়। চার দিনের ম্যাচ শেষ দুই দিনেরও কম সময়ে। ইয়ান বোথামের চোখে এই উইকেট স্রেফ ‘ভয়ঙ্কর।’ এমন পিচ বানানোর জন্য নিজের সাবেক ক্লাব সমারসেটকে তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন ইংলিশ কিংবদন্তি।

সমারসেটের ঘরের মাঠ টন্টনের কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে ডারহামের বিপক্ষে ম্যাচটি বুধবার শেষ হয়ে যায় স্রেফ পাঁচ সেশনেই। যেখানে উইকেট পড়ে মোট ৩৫টি। সমারসেট ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে।

ম্যাচের প্রথম দিনেই উইকেট পতন হয় ২২টি। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০.১ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় ডারহাম। পঞ্চাশ ছুঁতে পারেননি তাদের কেউ। সমারসেটের হয়ে ১০ ওভারে ২৩ রানে ৬ উইকেট শিকার করেন পেস বোলিং অলরাউন্ডার ক্রেইগ ওভারটন। 

জবাবে ৪৯.৩ ওভারে সমারসেট অলআউট হয় ২৫০ রানে। টম ল্যামনবির ১০৯ বলে ৮৯ ছাড়া চল্লিশের বেশি করতে পারেননি দলটির আর কেউ। 

১০৫ রানে পিছিয়ে থেকে প্রথম দিন আবার ব্যাটিংয়ে নেমে ১ রানে ২ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে যায় ডারহাম। শেষ পর্যন্ত তারা করতে পারে ১৯০ রান। এবার তাদের ১০ উইকেট ভাগ করে নেন দুই স্পিনার আর্চি ভন ও জ্যাক লিচ। ৮৬ রানের লক্ষ্য ছুঁতে ৫ উইকেট হারায় সমারসেট।    

ম্যাচটি স্থায়ী হয় কেবল ১৫৭.২ ওভার। গড়ে ৪.৩ ওভার অথবা ১৯.৩১ রানে পড়ে একটি করে উইকেট।

পেশাদার ক্যারিয়ারের বেশিরভাগ সময় সমারসেটে কাটানো বোথাম পরে খেলেন ডারহামের হয়েও। বর্তমানে ডারহামের অনারারি প্রেসিডেন্ট তিনি। সমারসেট-ডারহাম ম্যাচের পর সামাজিক মাধ্যমে খেলা শুরুর আগের পিচের কয়েকটি ছবি পোস্ট করে সাবেক এই অলরাউন্ডার অভিযোগ করেন, কাউন্টি চ্যাম্পিয়নশিপকে ‘প্রহসনে’ পরিণত করেছে সমারসেট।

“একজন সাবেক সমারসেট খেলোয়াড় হিসেবে আমার কাছে এটি (উইকেট) ভয়ঙ্কর। ম্যাচ শুরুর আগের দিন ডারহাম খুব উদ্বেগ প্রকাশ করেছিল... পরিবর্তন প্রয়োজন... সমারসেট ও ডারহাম উভয়েরই মানসম্পন্ন ব্যাটসম্যান আছে... সমারসেটের এসব করার দরকার নেই... খেলাটিকে প্রহসনে পরিণত করার।”

৬৯ বছর বয়সী বোথামের মতে, এই উইকেটই বলে দিচ্ছে যে ইংল্যান্ড কেন সাম্প্রতিক বছরগুলোতে দল নির্বাচনের ক্ষেত্রে কাউন্টির পারফরম্যান্সকে উপেক্ষা করে। 

“এগুলো গ্রীষ্মের মাঝামাঝি সময়ের প্রথম শ্রেণির ক্রিকেটের অবস্থা নয়। আমি অবাক নই যে, রব (ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি) ও বেনকে (স্টোকস) টেস্টের জন্য খেলোয়াড়দের মূল্যায়নে কাউন্টির পারফরম্যান্সকে উপেক্ষা করতে হচ্ছে।”

টন্টনের উইকেট নিয়ে সমালোচনা অবশ্য এটিই প্রথম নয়। এই মৌসুমের শুরুর দিকে এসেক্সের বিপক্ষে সমারসেটের ম্যাচের উইকেটও ছিল সবুজাভ। সেই উইকেট নিয়ে আরেক কাউন্টি দল গ্লস্টারশায়ার তাদের সামাজিক মাধ্যমের পাতায় লিখেছিল, “উইকেট কোথায় বন্ধুরা?”

এছাড়া এসেক্সের বিপক্ষে ২০১৯ সালের শিরোপা নির্ধারণী ম্যাচে ‘বাজে’ উইকেট বানানোর কারণে ২০২১ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। ২০১৮ সালে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দুই দিনে শেষ হওয়ার পর তাদের সতর্ক করে দেওয়া হয়েছিল।