০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কলিংউডকে ছাড়িয়ে দু প্লেসির সেঞ্চুরির রেকর্ড

বয়স চল্লিশ ছোঁয়ার পর টি-টোয়েন্টিতে দু প্লেসির এটি তৃতীয় সেঞ্চুরি।

কলিংউডকে ছাড়িয়ে দু প্লেসির সেঞ্চুরির রেকর্ড
৪২ ছুঁইছুঁই বয়সেও ফাফ দু প্লেসির ব্যাটের ধার কমেনি। ছবি: টেক্সাস সুপার কিংস ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 08:40 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

বছর পাঁচেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ফাফ দু প্লেসি এখনো মাতিয়ে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ। প্রায় ৪২ ছুঁই ছুঁই বয়সে তিন অঙ্ক ছুঁয়ে রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব‍্যাটসম‍্যান। পেছনে ফেলেছেন ইংল‍্যান্ডের সাবেক অলরাউন্ডার পল কলিংউডকে।

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান দু প্লেসি। সিয়াটল অর্কাসের বিপক্ষে সাতটি ছক্কা ও নয়টি চারে ৫২ বলে অপরাজিত ১১৩ রান করেন টেক্সাস সুপার কিংসের অধিনায়ক।

লক্ষ্য তাড়ায় আগ্রাসী ব‍্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দু প্লেসি। প্রথম ৯ বলে তার ব্যাট থেকে আসে ৩১ রান। একটু সময় নিয়ে ২৪ বলে স্পর্শ করেন পঞ্চাশ। পরের পঞ্চাশ আসে ২১ বলে। 

তার সৌজন্যে সিয়াটলকে ৬ উইকেটে হারায় টেক্সাস। ২২১ রানের লক্ষ‍্য ৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।

বিস্ফোরক ব্যাটিংয়ে এদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন দু প্লেসি। ম্যাচটি খেলার দিন তার বয়স ৪১ বছর ৩৪০ দিন।

এতদিন রেকর্ডটি ছিল কলিংউডের; ২০১৭ সালে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ডারহামের হয়ে ৪১ বছর ৬৫ দিনে সেঞ্চুরি করেছিলেন তিনি। 

এর আগে ২০০৭ সালে ৪১ বছর ৩৭ দিনে সেঞ্চুরি পেয়েছিলেন ইংলিশ ব‍্যাটসম‍্যান গ্রায়েম হিক।

বয়স ৪১ বছর পার করে সেঞ্চুরি পাননি আর কেউ।

চল্লিশ পেরিয়ে টি-টোয়েন্টিতে চার ব্যাটসম‍্যান মিলে করেছেন ছয় সেঞ্চুরি। এর তিনটিই দু প্লেসির, আর সবগুলোই টেক্সাসের হয়ে!