১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনিভার্স বেবি বসকে ইউনিভার্স বসের স্বীকৃতি, ‘নতুন ছক্কা মেশিন’

বৈভাব সুরিয়াভানসির কাছে ছক্কার রেকর্ড হারালেও ভারতের বিস্ময়-বালকের প্রতিভায় মুগ্ধ ক্রিস গেইল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 01:45 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

স্রেফ ‘ইউনিভার্স বস’ বললেই যথেষ্ট। আর কিছু বলার প্রয়োজন নেই। ক্রিকেট বিশ্বে এই পরিচয় একজনেরই। ক্রিস গেইলের অনেক নামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নামও এটিই। সেই নামের ‘বেবি’ সংস্করণও এখন পরিচিতি পেতে শুরু করেছে। গেইলের সঙ্গে মিলিয়েই বৈভাব সুরিয়াভানশিকে এখন ডাকা হচ্ছে ‘ইউনিভার্স বেবি বস’ নামে। সেই ‘বেবির’ কাছে ছক্কার রেকর্ড হারিয়ে মুগ্ধতার কথা শোনালেন গেইল।

টি-টোয়েন্টি ক্রিকেটে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ১৪ বছর ধরে ছিল গেইলের। ২০১২ আইপিএলে ১৫ ম্যাচে ৫৯ ছক্কা মেরেছিলেন তিনি। এবার সেই রেকর্ড দুমড়েমুচড়ে দিয়েছেন সুরিয়াভানশি। ১৫ বছর বয়সী ব্যাটসম্যান ১৫ ম্যাচেই মেরেছেন ৬৫ ছক্কা। 

রেকর্ড থেকে ছয়টি ছক্কা দূরে দাঁড়িয়ে বুধবার আইপিএলের এলিমিনেটর ম্যাচটি শুরু করেছিলেন সুরিয়াভানশি। সানরাজাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংসের পথে তিনি ছক্কা মারেন এক ডজন। 

এবার অন্তত আরও একটি ম্যাচ পাচ্ছেন সুরিয়াভানশি। রেকর্ডটি আরও সমৃদ্ধ করার হাতছানি তাই আছে তার।

এই ইনিংসের পর টিভি পর্দায় ‘ইউনিভার্স বেবি বস’ লেখা স্ক্রিনশট সামাজিক মাধ্যমে পোস্ট করে গেইল লেখেন, “কী অভূতপূর্ব এক ক্রিকেটার বৈভাব! দারুণ বিনোদন, ইয়াং ম্যান! নতুন ছক্কা মেশিন।”

টি-টোয়েন্টি ‘ছক্কা মেশিন’ বলতে লোকে এখনও গেইলকেই বোঝেন। ২০ ওভারের ক্রিকেটে রেকর্ড ১ হাজার ৫৬টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। হাজার ছক্কা মারতে পারেননি আর কেউ। সুরিয়াভানশির জন্যও সেই পথ পাড়ি দেওয়া এখনও অনেক অনেক দূরের পথ। তবে ছক্কা মারার সহজাত প্রবণতা দিয়ে এর মধ্যেই তিনি ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন। টি-টোয়েন্টিতে ৩৩ ইনিংসেই তার ছক্কা এখন ১২৭টি! এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটেও ৮ ইনিংসে ২৩ ছক্কা মেরেছেন তিনি।

ছক্কার রেকর্ড গড়ার ম্যাচে গেইলের আরেকটি রেকর্ড ছোঁয়ার খুব কাছেও ছিলেন সুরিয়াভানশির। ৩০ বলে সেঞ্চুরি করে আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ডটি গেইলের। সুরিয়াভানশির রান এ দিন ছিল ২৮ বলে ৯৭। পরের চলে ছক্কার চেষ্টায় তিনি আউট হয়ে যান।