Published : 28 Mar 2026, 08:22 AM
আইপিএলের নতুন আসর শুরুর আগে আলোচনার তুঙ্গে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম। নিয়মটি নিয়ে যখন সমালোচনা বেড়েই চলেছে, তখন এটির পক্ষে বললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্ব ক্রিকেটের দারুণ সফল এই কোচের মতে, এটি একটি ‘ভালো উদ্ভাবন।’
২০২২ সালে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর, ২০২৩ সাল থেকে আইপিএলে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মটি চালু রয়েছে। যদিও ২০২৪ সাল থেকে ঘরোয়া প্রতিযোগিতা থেকে এটি তুলে দেওয়া হয়। বিতর্ক থাকা সত্ত্বেও আইপিএলে এটি বহাল রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবারের আইপিএল শুরুর আগে গত বুধবার অধিনায়কদের বৈঠকে আলোচনা হয় নিয়মটি নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বেশিরভাগ অধিনায়ক নিয়মটি নিয়ে আপত্তি তোলেন ওই বৈঠকে। তবে বোর্ডও জানিয়ে দেয়, অন্তত ২০২৭ পর্যন্ত এই নিয়ম থাকছেই।
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মে ম্যাচ চলাকালীন দলগুলো তাদের একাদশের একজন খেলোয়াড়কে বদল করতে পারে। ফলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একজন বাড়তি বোলার বা ব্যাটসম্যান নামাতে পারে দলগুলো। এতে প্রকৃত অলরাউন্ডারের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক কমে গেছে।
আইপিএলে পাঁচবারের শিরোপা জয়ী অধিনায়ক রোহিত শার্মা থেকে শুরু করে অনেকেই নানা সময়ে বলেছেন, অলরাউন্ডার গড়ে বা বেড়ে ওঠার পথে অন্তরায় হচ্ছে এই ‘ইম্প্যাক্ট প্লেয়ার।’
স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল একাধিকবার বলেছেন, নিয়মটি তিনি পছন্দ করেন না। গত বৃহস্পতিবার ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক শুবমান গিল বলেন, এই নিয়ম থাকাই উচিত নয়। গুজরাট টাইটান্সের এই অধিনায়কের মতে, এটির ফলে খেলাটি একঘেয়ে হয়ে পড়ছে।
শিরোপাধারী বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে শনিবার শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লাওয়ার ব্যাখ্যা করলেন, ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম কেন তার কাছে ইতিবাচক।
“আমার মনে হয়, এটি একটি ভালো উদ্ভাবন, এর অংশ হতে পারাটা দারুণ। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন এবং আমার মনে হয় দর্শকদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল তা নিয়ে বিতর্ক করাটা বেশ দারুণ ব্যাপার। তাই কৌশলগতভাবে খেলাটির জন্য বেশ চমকপ্রদ সংযোজন এটি।”
এই নিয়মের সুবিধা ও অসুবিধা দুটোই আছে বলে মনে করেন সাবেক বাঁহাতি ব্যাটসম্যান ফ্লাওয়ার।
“আমাকে বলতেই হবে, ক্রিকেটের যে বিষয়টি আমি সবচেয়ে বেশি পছন্দ করি তা হলো, যখন একাদশ নির্বাচন করা হয়, তখন বড় একটি চ্যালেঞ্জ হলো একাদশের ভারসাম্য রক্ষা করা- ব্যাটিং অর্ডারের দৈর্ঘ্য ঠিক রাখা, হয়তো এমন কিছু খেলোয়াড়ের ভারসাম্য রক্ষা করা যারা খুব একটা ফর্মে নেই এবং এই বিষয়গুলোই একাদশ নির্বাচনকে কিছুটা কঠিন করে তোলে।”
“ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি একাদশ নির্বাচনের এই সমস্যাটিকে কিছুটা আড়াল করে দেয়। যখন একক দক্ষতার খেলোয়াড় নির্বাচন করেন, তখন খেলার অন্য একটি দিক দুর্বল হয়ে পড়ে। ইম্প্যাক্ট প্লেয়ার সেই দুর্বলতাটি আড়াল করতে পারে। তাই আমার মতে, এটির সুবিধা ও অসুবিধা দুটোই আছে।”