১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথমবার সেরা দশে বেথেল, ৪২৫ ধাপ উন্নতি শ্রেয়াসের

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন জেকব বেথেল, ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ারের উন্নতি চোখধাঁধানো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 04:29 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

ইংলিশ ক্রিকেটের ভবিষ্যৎ মনে করা হচ্ছে তাকে অনেকদিন ধরেই। তবে জেকব বেথেল এখন ইংল্যান্ডের বর্তমানও। প্রতিভা ও সামর্থ্যের ছাপ রেখে চলেছেন তিনি প্রতিনিয়ত। র‌্যাঙ্কিংয়েও পড়ছে সেই প্রতিফলন। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ দশে উঠে এনেছেন তরুণ এই ক্রিকেটার।

ভারতের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের দারুণ এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন বেথেল। পরের ম্যাচে ভালো করতে না পারলেও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাত ধাপ। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এখন আটে আছেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার।

এই সিরিজের প্রথম ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় ম্যাচে করেন তিনি ৩৭। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ৯৩তম। তবে তার উন্নতিটা চোখধাঁধানো। এক লাফে ভারতীয় অধিনায়ক এগিয়েছেন ৪২৫ ধাপ!

ভারতের টি-টোয়েন্টি দল থেকে দীর্ঘদিন বাইরে থাকায় র‌্যাঙ্কিংয়েরও বাইরে চলে গিয়েছিলেন শ্রেয়াস। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন অধিনায়ক হয়ে এবং ফিরেছেন র‌্যাঙ্কিংয়েও।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আর কোনো পরির্তন নেই। এক নম্বরে আগের মতোই ইশান কিষা, দুইয়ে আভিশেক শার্মা, তিনে সাহিবজাদা ফারহান। 

ভারতীয় দল থেকে বাদ পড়া সুরিয়াকুমার ইয়াদাভ পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৪ নম্বরে। বাংলাদেশের খেলা না থাকলেও দুই এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তানজিদ হাসান।

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন ইংল্যান্ডের আদিল রাশিদ, এক ধাপ এগিয়ে চারে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা। ভারতের ভারুন চক্রবর্তি দুই ধাপ পিছিয়ে নেমেছেন পাঁচে। ইংল্যান্ড সফরে না থাকা জাসপ্রিত বুমরাহ দুই ধাপ নেমে এখন আছে আটে।

শীর্ষ দুইয়ে আগের মতোই আছেন দুই লেগ স্পিনার রাশিদ খান ও আবরার আহমেদ।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিনে নেমেছেন চোটের কারণে মাঠের বাইরে থাকা হার্দিক পান্ডিয়া। ছয় ধাপ এগিয়ে সাতে উঠেছেন ইংল্যান্ডের উইল জ্যাকস। 

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন কামিন্দু মেন্ডিস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮৪ ও ৪৪ রানের ইনিংস খেলেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। এক ধাপ করে নেমে সাত ও আছে আছেন শুবমান গিল ও রাচিন রাভিন্দ্রা।

শীর্ষ আছে আগের মতোই অটুট ট্রাভিস হেড, হ্যারি ব্রুক, জো রুট, স্টিভেন স্মিথ ও টেম্বা বাভুমা। 

অ্যান্টিগা টেস্টে ১৮০ রানের ইনিংসে ১৪ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস। এই টেস্টের আরেক সেঞ্চুরিয়ান শেই হোপ ছয় ধাপ এগিয়ে আছেন ৫১ নম্বরে।

বাংলাদেশের সেরা মুশফিকরি রহিমের অবস্থান সপ্তদশ।