১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বপ্নময় শুরুর উল্টোদিকও দেখছেন ব্রিটস্কি

ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে ১৫০, ৮৩, ৫৭, ৮৮ ও ৮৫ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

অনন্য উচ্চতায় পা রেখে ওয়ানডে ক্যারিয়ারের শুরু করেছেন ম্যাথু ব্রিটস্কি। তবে সেখানে দাঁড়িয়ে একটু শঙ্কাও কাজ করছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের মনে। ওই চূড়া থেকে কেবল পতনই যে সম্ভব!

ব্রিটস্কির ওয়ানডে ক্রিকেটে পথচলার শুরুটাই ছিল ইতিহাস গড়ে। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেকেই খেলেন ১৫০ রানের ইনিংস। এরপর থেকে ছুটে চলেছেন তিনি রেকর্ডের পথ ধরেই। 

দ্বিতীয় ওয়ানডেতে করেন ৮৩ রান, তৃতীয়টিতে ৫৭। প্রথম তিন ওয়ানডে শেষে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নেন তিনি।

চতুর্থ ওয়ানডেতে ৮৮ রানের ইনিংস খেলে নাম লেখান আরেকটি রেকর্ডে। প্রথম ক্রিকেটার হিসেবে ফিফটি করেন প্রথম চার ওয়ানডেতেই। 

সেটিকেই তিনি আরও বাড়িয়ে নেন বৃহস্পতিবার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজর দ্বিতীয় ম্যাচে উপহার দেন ৮৫ রানের ইনিংস।

প্রথম পাঁচ ওয়ানডেতেই পঞ্চাশ ছোঁয়ার কীর্তিতে তিনি একমেবাদ্বিতীয়ম। 

প্রথম পাঁচ ওয়ানডেতে তার রানও অনুমিতভাবেই ইতিহাসের সবার চেয়ে বেশি। ১০৪.৫১ গড়ে তার রান ৪৬৩, স্ট্রাইক রেট ৯২.৬০।

দ্বিতীয় ম্যাচটি জিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলে দক্ষিণ আফ্রিকা। সবশেষ ইংল্যান্ডে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা ১৯৯৮ সালের মে মাসে। ব্রিটস্কির জন্ম এর মাস ছয়েক পর!

দলের জয়ের ম্যাচে ম্যান অব দা ম্যাচ হন ব্রিটস্কিই। ম্যাচের পর নিজের রেকর্ড নিয়ে তিনি বললেন, “এটি (রেকর্ড) কিছুটা দুর্ভাবনারও, এখান থেকে তো কেবল নিচের দিকেই যেতে পারি…!’ তবে তার মুখের হাসিই বলে দিচ্ছিল, মজা করেই বলছেন এসব। এমন স্বপ্নের মতো শুরু তো সবারই আকাঙ্ক্ষিত!

ব্রিটস্কি নিজেও দারুণ উচ্ছ্বসিত রেকর্ডময় শুরুতে। 

“সত্যি বলতে, আমার জন্য এটা স্পেশাল শুরু। কিছুটা সৌভাগ্যও ছিল যে ম্যাচগুলো ভালো উইকেটে খেলতে পেরেছি। এখন কেবল প্রার্থনা ও আশা করতে পারি যে, এই ধারা চলতে থাকবে।”

২৬ বছর বয়সী ব্যাটসম্যানের একটি আক্ষেপ অবশ্য আছে লর্ডসের ওয়ানডে অনার্স বোর্ডে নাম তুলতে না পেরে।

“সত্যি বলতে, শতক করতে না পেরে কিছুটা শূন্য অনুভব হচ্ছিল। কারণ (অনার্স) বোর্ডে নাম তুলতে পারলে দারুণ হতো।”

সাউথ্যাম্পটনে রোববার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার অভিযানে নামবে দক্ষিণ আফ্রিকা, ব্রিটস্কি খেলবেন তার রেকর্ডময় পথচলা ধরে রাখতে।