‘ক্লান্ত-শ্রান্ত’ হয়ে ২১ বছর বয়সেই ‘বিদায় বলে দিতে পারে’ সুরিয়াভানশি
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিচিত্র সব প্রতিক্রিয়া পাচ্ছেন ভারতের বিস্ময়-বালক।
বিধ্বংসী ব্যাটিংয়ে অল্প বয়সেই ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বৈভাব সুরিয়াভানশি। অদ্ভুত সব প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি বিশ্বের নানা প্রান্ত থেকে। ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই চিপ’ লাগানোর মতো বিচিত্র দাবিও উঠেছে। একের পর এক কীর্তি গড়া ভারতের বিস্ময়-বালক আগামী ছয় বছরে আর কী কী অর্জন করতে পারেন, সেসব আলোচনাও শুরু হয়ে গেছে। ইংলিশ গ্রেট মাইকেল ভন যেমন মজা করে বলছেন, সুরিয়াভানশি এত বেশি আয় করে ফেলবেন যে, হয়তো ২১ বছর বয়সেই অবসর নিয়ে ফেলতে পারেন তিনি।
বয়স কেবল ১৫ বছর। এরই মধ্যে ভারতীয় ক্রিকেটের সেনসেশন এখন সুরিয়াভানশি। গত আইপিএলে ১৪ বছর বয়সে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে এই প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে যান তিনি। প্রথম আইপিএল অভিযানে সাত ইনিংসে ২৫২ রান করেন তিনি ২০৬.৩৩ স্ট্রাইক রেটে।
পরে ভারতীয় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের হয়েও বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের বন্যা বইয়ে দেন তিনি। বিহারের হয়ে রাঞ্জি ট্রফি, ভিজায় হাজারে ট্রফিতেও ছড়ান আলো। এবারের আইপিএলেও তিনি ধরে রেখেছেন তার বিস্ময়-যাত্রা।
গত আসরে তিনি সেঞ্চুরি করেছিলেন ৩৫ বলে, এবার শতক ছুঁয়েছেন ৩৬ বলে। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ও তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এই দুটি। প্রতিপক্ষের বোলারদের গুঁড়িয়ে চলতি আসরে এখন পর্যন্ত ১০ ইনিংসে ৪০৪ রান করেছেন তিনি ২৩৭.৬৪ স্ট্রাইক রেটে।
পরিসংখ্যানের চেয়েও বেশি তাক লাগানো সুরিয়াভানশির ব্যাটিংয়ের ধরন। একদম প্রথম বল থেকে ভয়ডরহীন ব্যাটিং দিয়ে তিনি মুগ্ধতা ছড়িয়ে চলেছেন। জাসপ্রিত বুমরাহর প্রথম বলে ছক্কা মারাসহ জশ হেইজেলউড, ভুবনেশ্বর কুমার, ম্যাট হেনরির মতো খ্যাতিম্যান ও অভিজ্ঞ বোলারদের তুলাধুনা করেছেন। ১০ ইনিংসে ছক্কা মেরেছেন তিনি ৩৭টি, চার ৩৫টি।
সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। বুধবার যেমন ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্ট-এ সাবেক চার ইংলিশ ক্রিকেটার ভন, ফিল টাফনেল, অ্যালেস্টার কুক ও ডেভিড লয়েডের আলোচনাতেও সুরিয়াভানশির প্রসঙ্গ উঠতে বেশি সময় লাগেনি।
মাত্র ১৫ বছর বয়সে এই তরুণের কিছু উল্লেখযোগ্য কীর্তি তুলে ধরে আলোচনা শুরু করেন ভন।
“আইপিএলের দ্রুততম শতক আছে ক্রিস গেইলের, ৩০ বলে। এই ছেলেটি এরই মধ্যে ৩৫ বলে শতক করেছে। এক আসরে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি হলো ২০২৪ সালে আভিশেক শার্মার ৪২টি। এই ছেলেটির রয়েছে এখন ৩৭টি ছক্কা।”
তিনিই এখন বিশ্বের সেরা ‘সিক্স হিটার’ কি না, এমন প্রশ্নে কুক জোর দিয়ে বলেন, “একদমই তাই। কিন্তু তাকে কত দামে কেনা হয়েছিল? ১৪ বছর বয়সে তাকে কত পারিশ্রমিকে চুক্তিবদ্ধ করা হয়েছিল? আমি ভেবেছিলাম, সে দুই বছরের চুক্তি করেছে। আগামী বছর নিলামে তার দাম কত হতে পারে? যদি আবার সে নিলামে ফিরে যেতে চায়?”
গত আইপিএলের নিলামে ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যের সুরিয়াভানশিকে এক কোটি ১০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিটি তাকে সহজে ছাড়বে না বলেই মনে করেন ভন।
“আমার মনে হয় না তারা আবার তাকে নিলামে যেতে দেবে। তবে নিশ্চিন্তে থাকুন, সে আয়ারল্যান্ড সফরে অবশ্যই আসবে (আগামী মাসে)। ওই দলে তার থাকা উচিত।”
তখন টাফনেল বলেন, সুরিয়াভানশি যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ২১ বছর বয়সেই তিনি ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়তে পারেন, “২১ বছর বয়সের মধ্যেই সে ক্লান্ত হয়ে যেতে পারে।” এরপর ভন বলেন, “ততদিনে তার কাছে যথেষ্ট অর্থকড়ি থাকবে। হয়তো অবসরও নিয়ে নেবে।”
