Published : 05 Apr 2026, 12:15 AM
আগের ম্যাচে ইনিংসের দুই বল বাকি থাকতে ব্যাটিং পেয়ে করার ছিল সামান্যই। এবার অবশ্য বেশ আগেই ব্যাটিং পেলেন রিশাদ হোসেন; কিন্তু তেমন কিছু করতে পারলেন না তিনি। পরে বল হাতে প্রথম ওভারে আঁটসাঁট বোলিং করলেও, পরের দুই ওভারে ভালো করতে পারলেন না এই লেগ স্পিনার।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট-বলে রিশাদের বিবর্ণ দিনে হেরেছে তার দল রাওয়ালপিন্ডিজও। লাহোরে তাদের ১৫৬ রান পেরিয়ে ইসলামাবাদ ইউনাইটেড ৭ উইকেটে জিতেছে ৩৪ বল হাতে রেখে।
আসরে প্রথম তিন ম্যাচের সবকটিতে হারল নবাগত দুই দলের একটি রাওয়ালপিন্ডিজ।
তিন ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট পান রিশাদ। এর আগে সপ্তদশ ওভারের চার বল বাকি থাকতে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬ বলে ৩ রান করেন বাংলাদেশের এই ক্রিকেটার।
কামরান গুলামের ফিফটি (৩৯ বলে ৫০) ও শেষ দিকে ডায়ান ফরেস্টারের ক্যামিওতে (১৯ বলে ৪৪*) কোনোমতে দেড়শ ছাড়াতে পারে রাওয়ালপিন্ডিজ।
রান তাড়ায় ৩৬ বলে ৭০ রানের ইনিংসে ইউনাইটেডের জয়ের ভিত গড়ে দেন ওপেনার সামির মিনহাস।
পাওয়ার প্লেতে ডেভন কনওয়ের উইকেট হারিয়ে ৬২ রান করে ইউনাইটেড। এরপর বোলিংয়ে আনা হয় রিশাদকে। দারুণ বোলিংয়ে স্রেফ পাঁচ রান দেন তিনি, হজম করেননি কোনো বাউন্ডারি।
নবম ওভারেও প্রথম চার বল ভালোই করেন রিশাদ, দুটি ওয়াইডসহ দেন পাঁচ রান। পঞ্চম বলে তাকে ছক্কা মারেন মিনহাস। শেষ বলে আসে একটি রান। এই ওভারে খরচ ১২ রান।
দ্বাদশ ওভারে বোলিংয়ে ফেরানো হয় রিশাদকে। তৃতীয় বলে উইকেটের দেখা পান তিনি, স্লগ সুইপের চেষ্টায় ক্যাচ তুলে দেন মোহাম্মাদ ফাইক।
পরের দুই বলে চার ও ছক্কা মারেন মার্ক চ্যাপম্যান। একটি ওয়াইড দিয়ে শেষ বলে আরেকটি চার হজম করেন রিশাদ।
এই ওভারে আসে ১৯ রান।
আর বোলিংয়ে আনা হয়নি রিশাদকে। আগের দুই ম্যাচে তিনি উইকেট নিতে পারেন একটি।