Published : 05 Dec 2025, 03:00 PM
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ এক প্রাপ্তির সম্ভাবনা জেগেছে তাইজুল ইসলামের। বাংলাদেশের বাঁহাতি স্পিনার জায়গা করে নিয়েছেন আইসিসির মাস সেরার লড়াইয়ে। নভেম্বরের সেরা হওয়ার দৌড়ে তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।
আইসিসির ওয়েবসাইটে শুক্রবার নারী ক্রিকেটের সেরা বাছাইয়ে মনোনীত তিন জনের নামও প্রকাশ করা হয়েছে। তারা হলেন- ভারতের ব্যাটার শেফালি ভার্মা, থাইল্যান্ডের বাঁহাতি স্পিনার পুথাঅং ও সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার এশা ওজা।
তাইজুল ইসলাম (বাংলাদেশ)
ঘরের মাঠে দারুণ ধারাবাহিক তাইজুল আয়ারল্যান্ড সিরিজেও ছিলেন উজ্জ্বল। দুই ম্যাচে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে তিনি ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। মিরপুরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। এই ম্যাচেই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশ সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে।
সাইমন হার্মার (দক্ষিণ আফ্রিকা)
ভারতের মাটিতে ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নায়ক ছিলেন এই অফ স্পিনার। কলকাতা ও গুয়াহাটির দুই টেস্ট মিলিয়ে তার উইকেটসংখ্যা ১৭, বোলিং গড় ৮.৯৪। প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে শিকার করেন ৯টি উইকেট, যেখানে দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ১৪০ রানে গুটিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।
মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও পরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বল ও ব্যাট হাতে আলো ছড়ান নাওয়াজ। ওয়ানডেতে ৫২ গড় ও ১১৪.১২৮ স্ট্রাইক রেটে করেন ১০৪ রান, বল হাতে নেন ৪ উইকেট। টি-টোয়েন্টিতে ছিলেন আরও কার্যকর, ১১ উইকেট নেন মাত্র ১২.৭২ গড়ে, সঙ্গে করেন ৫২ রান। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ী ১৭ রানে ৩ উইকেটের বোলিং পারফরম্যান্স এই স্পিনিং অলরাউন্ডারকে এনে দেয় সিরিজ সেরার স্বীকৃতি।
শেফালি ভার্মা (ভারত)
নভেম্বরে স্রেফ একটি ম্যাচ খেলেই সেরার লড়াইয়ে জায়গা কিরে নিয়েছেন শেফালি। আর সেই ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স ভারতকে প্রথমবার এনে দেয় উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সেমি-ফাইনালের আগে দলে যোগ দেওয়া ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৭৮ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ১১১.৫৩ স্ট্রাইক রেটে। পরে বল হাতে সাত ওভারে ৩৬ রানে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।
পুথাঅং (থাইল্যান্ড)
থাইল্যান্ডের বাঁহাতি স্পিনার পুথাঅং মাসজুড়ে ছিলেন অপ্রতিরোধ্য। আইসিসি উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফি জয়ের পথে ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকরি। স্কটল্যান্ডের বিপক্ষে ফাইনালে পরিণত হওয়া ম্যাচে ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনি।
এশা ওজা (সংযুক্ত আরব আমিরাত)
ইমার্জিং নেশন্স ট্রফিতে ব্যাট ও বল হাতে দ্যুতি ছড়ান সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার ওজা। গত মাসে মোট ৭টি টি-টোয়েন্টিতে তার রান ১৮৭ রান, স্ট্রাইক রেট ১৩৭.৫০। সঙ্গে ১৮.১৪ গড়ে নেন ৭ উইকেট।