২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

উইকেটশূন্য রিশাদ, আবার হারল তার দল

পিএসএলে প্রথম দুই ম্যাচে হেরে গেল রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিজ।

উইকেটশূন্য রিশাদ, আবার হারল তার দল
চার ওভারে কোনো উইকেট পাননি রিশাদ হোসেন। ফাইল ছবি: পিন্ডিজ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 11:53 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

প্রথম দুই ওভারে বেশ আঁটসাঁট বোলিং করলেন রিশাদ হোসেন। কিন্তু পরের দুই ওভারে কিছুটা খরুচে হয়ে গেলেন তিনি। শেষ পর্যন্ত কোনো উইকেটের দেখা পেলেন না বাংলাদেশের লেগ স্পিনার। হেরে গেল তার দল রাওয়ালপিন্ডিজও।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃহস্পতিবার করাচি কিংসের বিপক্ষে চার ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রিশাদ। রাওয়ালপিন্ডিজ হারে ৫ উইকেটে। তাদের ১৯৭ রান চার বল বাকি থাকতে পেরিয়ে যায় কিংস।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাওয়ালপিন্ডিজের ইনিংসের দুই বল বাকি থাকতে ব্যাটিংয়ে নেমে এক বল খেলে কোনো রান করতে পারেননি রিশাদ। ‘বাই’ থেকে এক রান নেন তিনি।  

রান তাড়ায় প্রথম সাত ওভারে এক উইকেটে ৫৮ রান করে কিংস। অষ্টম ওভারে বোলিংয়ে আনা হয় রিশাদকে। নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো বাউন্ডারি হজম না করে তিনি দেন কেবল সাত রান।

পরের ওভারে সালমান আলি আগাকে বিদায় করেন ড্যারিল মিচেল।

দশম ওভারে রিশাদের প্রথম বলে রিভার্স সুইপে চার মারেন ডেভিড ওয়ার্নার। পরের বলে নেন সিঙ্গল। শেষ চার বলে কোনো রানই নিতে পারেননি আজম খান। 

ত্রয়োদশ ওভারে প্রথম পাঁচ বলে রিশাদ দেন কেবল পাঁচ রান, এরপর একটি ওয়াইড দিয়ে শেষ বলে চার হজম করেন তিনি। ওভারে আসে ১০ রান।

পরের ওভারে মোহাম্মাদ আমিরকে দুটি চার ও একটি ছক্কা মারেন আজম। ইনিংসের ষোড়শ আর নিজের শেষ ওভারে প্রথম তিন বলে চার রান দেন রিশাদ। এরপর একটি ওয়াইড। 

চতুর্থ বলে বিশাল ছক্কা মেরে পরের বলে আরেকটির চেষ্টায় বল আকাশে তুলে দেন আজম। পেছন দিকে বেশ খানিকটা দৌড়ে বলের কাছাকাছি গেলেও মুঠোয় নিতে পারেননি বোলার রিশাদ। শেষ বলে চার মারেন ওয়ার্নার।

এই ওভারে আসে ১৬ রান।  

ওয়ার্নার ৩৬ বলে ৫০ করে ফিরলেও, ২৮ বলে ফিফটি করে এগিয়ে যান আজম। অষ্টাদশ ওভারে মোহাম্মাদ আমির খানকে পরপর চার ও ছক্কার পর ক্যাচ তোলেন তিনি। কিন্তু ডিপ মিডউইকেটে তুলনামূলক সহজ ক্যাচ ফেলে দেন রিশাদ।

পরের ওভারে মোহাম্মাদ আমিরের বলে রিশাদের দারুণ ক্যাচেই বিদায় নেন আজম। ছয়টি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৭৪ রান করেন তিনি। 

শেষ ওভারে কিংসের প্রয়োজন ছিল ৬ রান। মিচেল প্রথম বলে মইন আলিকে ফেরালেও, দ্বিতীয় বলে ছক্কায় ম্যাচ শেষ করে দেন আব্বাস আফ্রিদি।   

আসরে প্রথম দুই ম্যাচেই হারল রাওয়ালপিন্ডিজ। পেশাওয়ার জালমির বিপক্ষে ৫ উইকেটে হারের ম্যাচে চার ওভারে ৩৫ রানে একটি উইকেট নিয়েছিলেন রিশাদ।