Published : 08 Sep 2026, 12:06 PM
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কাউন্টি ক্রিকেট থেকে দেশে ফিরে আসতে বলেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ঘরোয়া গ্রীষ্মের শুরুতে অনেকটা আচমকাই এই নির্দেশনা এসেছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ পর্যায়ে তাই গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে পাচ্ছে না কাউন্টি দলগুলি।
বোর্ডের এই নির্দেশনার পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ তিন রাউন্ডের ম্যাচ খেলতে পারবেন না ডারহামের ডেভিড বেডিংহ্যাম, এসেক্সের সাইমন হার্মার ও নটিংহ্যামশায়ারের কাইল ভেরেইনা। মূলত সামনে অস্ট্রেলিয়া সিরিজ ও এর পরের বাংলাদেশ সিরিজসহ ব্যস্ত মৌসুমের আগে প্রস্তুতির অংশ হিসেবেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে তারা।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষ হবে এই মাসের শেষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু ৯ অক্টোবর। কাউন্টি শেষেও তাই কিছুটা সময় ছিল। তবে ক্রিকেটারদের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বিপাকে পড়া কাউন্টি দলগুলি বিকল্প ক্রিকেটার দলে এনে চেষ্টা করছে ঘাটতি পূরণের। কিপার-ব্যাটার ভেরেইনার বদলে নটিংহ্যামশায়ারে খেলবেন নিউ জিল্যান্ডের কিপার-ব্যাটার মিচেল হে। বেডিংহ্যামের বদলি হিসেবে ভারতের মায়াঙ্ক আগারওয়ালকে নিশ্চিত করতে পেরেছে ডিভিশন টু-তে শীর্ষে থাকা ডারহাম।
হার্মারকে ধরে রাখতে এসেক্স চেষ্টা করেছে শেষ পর্যন্ত। কেন্দ্রীয় চুক্তিতে ‘হাইব্রিড’ চুক্তিতে থাকা এই অফ স্পিনারকে নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে বেশ দেনদরবারও করেছে তারা। হাইব্রিড চুক্তিতে থাকলে অনেক নিয়মই শিথিল থাকে। তবে তাতেও কাজ হয়নি। এখনও পর্যন্ত হার্মারের বিকল্প তারা নিতে পারেনি এসেক্স। স্যাম কুক ও জর্ডান কক্স ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পাওয়ায় ও চার ক্রিকেটারের চোটে এমনিতেই বেশ বিপদে আছে দলটি।
উস্টারশায়ার ছেড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার বেয়ার্স সোয়ানেপল। তিনি অবশ্য বোর্ডের চুক্তিতে নেই। তবে তার দেশে ফেরার কারণ “ঘরোয়া ক্রিকেট সংক্রান্ত বিষয়াদি সম্পন্ন করা।” গত মার্চে ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল চলার সময় ইংল্যান্ডের ফ্লাইট ধরতে আগেভাগেই মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় এই অলরাউন্ডারের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং তার ঘরোয়া চুক্তি বাতিল করেছিল লায়ন্স ফ্র্যাঞ্চাইজি। এখন তিনি দেশে ফেরায় শেষ তিনটি ম্যাচের জন্য পাকিস্তানি লেগস্পিনার উসামা মিরকে নিয়েছে উস্টার।