Published : 06 Aug 2025, 10:04 AM
জিম্বাবুয়ে সফরে নিউ জিল্যান্ডের পেস আক্রমণের শক্তি কমে গেল আরেকটু। ন্যাথান স্মিথের পর এবার দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন উইল ও’রোক।
প্রথম টেস্টের তৃতীয় দিনে পিঠে কিছুটা জড়তা অনুভব করছিলেন ও’রোক। সেটিই তাকে বাইরে রাখছে দ্বিতীয় টেস্ট থেকে।
ও’রোকের কাভার হিসেবে প্রথম টেস্টের সময়ই স্কোয়াডে যোগ দিয়েছিলেন বেন লিস্টার। বাঁহাতি এই পেসার এখন রয়ে যাবেন দলের সঙ্গে।
বুলাওয়ায়োতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেট পাননি ও’রোক। দ্বিতীয় ইনিংসে তার শিকার ছিল তিন উইকেট। টেস্ট ক্যারিয়ারের শুরুটাও বেশ ভালো করেছেন এই পেসার। এখনও পর্যন্ত ১১ টেস্টে তার প্রাপ্তি ৩৯ উইকেট।
ও’রোক ও স্মিথ চোটের কারণে ছিটকে পড়ায় দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ডের একাদশে দুটি পরিবর্তন এখন নিশ্চিত। জ্যাকারি ফোকস, জ্যাকব ডাফি ও ম্যাট ফিশারের মধ্যে দুজনের টেস্ট অভিষেক হতে পারে। ফোকস ও ডাফি সীমিত ওভারের দুই সংস্করণেই খেলেছেন নিউ জিল্যান্ডের হয়ে। ডাফি তো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার এখন। ফিশার খেললে আন্তর্জাতিক অভিষেকই হবে তার।
দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার। প্রথম টেস্টে ৯ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে নিউ জিল্যান্ড।
চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি অধিনায়ক টম ল্যাথাম। তার জায়গায় টেস্ট নেতৃত্বে অভিষেক হয় মিচেল স্যান্টনারের। দ্বিতীয় টেস্টে ল্যাথাম খেলতে পারবেন কি না, এটি জানা যাবে তার ফিটনেস পরীক্ষার পর।