১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৯ নম্বরে নেমে ১৬ বলে ৩০, ধোনিকে আরও ওপরে ব্যাটিংয়ে পাঠাতে বললেন ওয়াটসন

বেঙ্গালুরুর বিপক্ষে ধোনিকে ৯ নম্বরে ব্যাটিংয়ে নামানো নিয়ে আলোচনা-সমালোচনার স্রোত বইছে।

৯ নম্বরে নেমে ১৬ বলে ৩০, ধোনিকে আরও ওপরে ব্যাটিংয়ে পাঠাতে বললেন ওয়াটসন
ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 10:13 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

কেউ বিস্মিত, কেউবা খুঁজে পাচ্ছেন না কোনো যুক্তি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাহেন্দ্র সিং ধোনিকে ৯ নম্বরে ব্যাটিংয়ে নামানো নিয়ে আলোচনা-সমালোচনার স্রোত বইছে। অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানের সামর্থ্যের পুরোটা দেখতে হলে তাকে আরও ওপরে ব্যাটিংয়ে পাঠানো উচিত বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।

চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে শুক্রবার ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় ৮০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। তখনও ৪৩ বলে তাদের দরকার ছিল ১১৭ রান। ম্যাচ হেলে বেঙ্গালুরুর দিকে। সবাই ধারণা করছিল, তখন হয়তো ধোনিকে ব্যাটিংয়ে পাঠানো হবে। কিন্তু ধোনির আগে নামানো হয় রাভিচান্দ্রান অশ্বিনকে, যিনি মূলত বোলার।

অশ্বিন ৮ বলে ১১ রান করে ফেরার পর ৯ নম্বরে পাঠানো হয় ধোনিকে। ততক্ষণে ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে চেন্নাই, ২৮ বলে দরকার ৯৮ রান। ২ ছক্কায় ও ৩ চারে ১৬ বলে ৩০ রানে অপরাজিত রয়ে যান ৪৩ বছর বয়সী ধোনি। চেন্নাই ম্যাচ হারে ৫০ রানে। 

৩৯৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে স্রেফ দ্বিতীয়বার ৯ নম্বরে ব্যাটিংয়ে নামলেন ধোনি। আইপিএলের গত আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে এই পজিশনে নেমে প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। 

তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় বেঙ্গালুরুর বিপক্ষে ধোনিকে ৯ নম্বরে নামানোর বিষয়টি অবাক করে দেয় অনেককেই। জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে যেমন সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন “ধোনি ৯ নম্বরে?”

বিষয়টি মানতে পারেননি চেন্নাইয়ের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানও, “আমি কখনই ৯ নম্বরে ধোনির ব্যাট করার পক্ষে নই। এটা দলের জন্য আদর্শ নয়।”

চেন্নাইয়ের সাবেক ব্যাটসম্যান রবিন উথাপ্পাও চেন্নাইয়ের এই সিদ্ধান্তের সমালোচনা করেন সামাজিক মাধ্যমে, “ধোনির ৯ নম্বরে নামা মোটেও যুক্তিসঙ্গত নয়। তার আগে নামাটা এই বছর সিএসকের (চেন্নাই সুপার কিংস) নেট রানরেটে সাহায্য করতে পারত।”

জিওস্টারের সঙ্গে আলাপে ধোনিকে আরও ওপরে ব্যাটিংয়ে নামানোর কথা বললেন একটা সময়ে চেন্নাইয়ের হয়ে খেলা ওয়াটসন। 

“ধোনির ১৬ বলে ৩০ রান, সিএসকে ভক্তরা ঠিক এটাই দেখতে আসে। আমি তাকে ওপরে ব্যাটিংয়ে দেখতে পছন্দ করতাম। আমার মতে, অশ্বিনের আগে ব্যাট করা উচিত ছিল তার।”

“ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ধোনি আরও ১৫ বল এভাবে খেলতে পারত। গত কয়েক বছর ধরে সে ধারাবাহিকভাবে দেখিয়েছে যে, এখনও সে ভালো ব্যাটিং করছে। আমি সত্যিই বিশ্বাস করি যে, তাকে ওপরে নামানো উচিত, যাতে আমরা তার সামর্থ্যের পুরোটা দেখতে পারি।”