Published : 23 Sep 2025, 11:12 PM
বাড়তি দায়িত্ব কাঁধে নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন হ্যারি ব্রুক। তাকে সহ-অধিনায়ক করে অ্যাশেজ সিরিজের দল সাজিয়েছে ইংল্যান্ড। বিস্ময় উপহার দিয়ে টেস্ট দলে ডাক পেয়েছেন উইল জ্যাকস। চোট কাটিয়ে ফিরেছেন গতিময় পেসার মার্ক উড।
আগামী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির অ্যাশেজ সিরিজের জন্য বেন স্টোকসের নেতৃত্বে মঙ্গলবার ১৬ জনের দল দিয়েছে ইংল্যান্ড। ডেপুটির দায়িত্ব হারালেও জায়গা ধরে রেখেছেন অলি পোপ।
গত ১৪ মাসে স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে পাঁচ টেস্টে নেতৃত্ব দেন পোপ; সবশেষটি জুলাইয়ে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে। হেডিংলিতে সেঞ্চুরি দিয়ে ভারত সিরিজ শুরু করলেও পরে নিজেকে মেলে ধরতে পারেননি পোপ। ৩৪ গড় নিয়ে পাঁচ টেস্টের সিরিজ শেষ করেন তিনি।
ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ওই পারফরম্যান্সে একাদশে নড়বড়ে হয়ে পড়েছে পোপের জায়গা। অ্যাশেজে তার জায়গায় জ্যাকব বেথেলকে দেখা যেতে পারে তিন নম্বরে।
কাঁধের চোটের কারণে ভারত সিরিজের শেষ ম্যাচে খেলতে না পারা স্টোকসকে অ্যাশেজের প্রথম ম্যাচে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। পার্থে ২১ নভেম্বরে শুরু হতে যাওয়া টেস্টে ইংলিশদের নেতৃত্বে দেখা যেতে পারে তাদের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক ব্রুককে।
ইংলিশদের এবারের দলে সবচেয়ে চমকপ্রদ নামটি জ্যাকস। প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন এই ব্যাটিং অলরাউন্ডার, যিনি অফ স্পিনেও ভালো কার্যকর। যদিও গত দুই মৌসুমে কেবল পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।
ক্যারিয়ারের দুই টেস্টের সবশেষটি ২০২২ সালের ডিসেম্বরে খেলেছেন জ্যাকস। এই সংস্করণে চার ইনিংসে ৮৯ রান করেছেন জ্যাকস। উইকেট নিয়েছেন ৬টি, সবগুলো এক ইনিংসে। সব মিলিয়ে, প্রথম শ্রেণিতে ৫৭ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ৩৪.৫৪ গড়ে তার রান ২ হাজার ৫৯১। নামের পাশে উইকেট ৪৯টি।
হাঁটুর চোটে গত ফেব্রুয়ারির পর পেশাদার ক্রিকেটে কোনো ম্যাচ না খেলা উডকে ফেরানো হয়েছে দলে। পেস বোলিং বিভাগে তার সঙ্গে আছেন গাস অ্যাটকিনসন, জফ্রা আর্চার, ব্রাইডন কার্স ও ম্যাথু পটস। গত বছরের শেষ দিকে সবশেষ টেস্ট খেলেছেন পটস।
ভারত সিরিজে আঙুলের চোটে পড়া অফ স্পিনার শোয়েব বাশিরকে ফেরানো হয়েছে দলে। ওই সিরিজে কাঁধে চোট পাওয়া অভিজ্ঞ পেসার ক্রিস ওকস দলে নেই।
অ্যাশেজের আগে নিউ জিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা জ্যাক ক্রলি ডাক পেয়েছেন এই সংস্করণের দলে। জো রুট, বেন ডাকেট, জেমি স্মিথ ও আর্চার খেলবেন ওয়ানডে সিরিজে।
কেবল টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিল সল্ট, ক্রলি ও জর্ডান কক্স।
ক্রাইস্টচার্চে হবে প্রথম দুটি টি-টোয়েন্টি, ১৮ ও ২০ অক্টোবর। সিরিজের সবশেষ ম্যাচটি ২৩ অক্টোবর অকল্যান্ডে। যথাক্রমে মাউন্ট মঙ্গানুই, হ্যামিল্টন ও ওয়েলিংটনে ওয়ানডে ম্যাচগুলো হবে ২৬, ২৯ অক্টোবর ও ১ নভেম্বর।
অ্যাশেজের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টং, মার্ক উড
নিউ জিল্যান্ড সফরের অস্ট্রেলিয়ার টি-টোয়েন্ট দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড
নিউ জিল্যান্ড সফরের অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, বেন ডাকেট, জো রুট, স্যাম কারান, লিয়াম ডসন, জেমি ওভারটন, আদিল রাশিদ, জেমি স্মিথ, জফ্রা আর্চার, লুক উড