২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্বপ্নময় পথচলায় আফগান তারকার ছেলের আরেক সেঞ্চুরি

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম তিন ম্যাচে দুই সেঞ্চুরি করার পর, এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন ১৯ বছর বয়সী ব্যাটসম্যান।

স্বপ্নময় পথচলায় আফগান তারকার ছেলের আরেক সেঞ্চুরি
হাসান ইসাখিলের ব্যাটে রানের জোয়ার চলছেই। ছবি: উইজডেন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বলের রঙ লাল হোক বা সাদা, পেশাদার ক্রিকেটে ক্যারিয়ারের শুরুর ধাপে সব জায়গায় ব্যাট হাতে আলো ছড়িয়ে চলেছেন হাসান ইসাখিল। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মাদ নাবির ছেলে, ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

আফগানিস্তানের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা গাজি আমানউল্লাহ খান আঞ্চলিক টুর্নামেন্টে রোববার ৮৮ বলে ১০০ রানের ইনিংস খেলেন হাসান। মিস আইনাক রিজিওনের হয়ে আমো রিজিওনের বিপক্ষে তার ইনিংসটি গড়া ১০ চার ও ৩ ছক্কায়।

দলের ইনিংস শুরু করতে নেমে হাসান পঞ্চাশ স্পর্শ করেন ৪১ বলে। ৩০তম ওভারে ৯৪ থেকে লেগ স্পিনার বাবর খানকে ছক্কায় উড়িয়ে ৮৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। পরের বলেই ক্যাচ দিয়ে শেষ হয় তার চমৎকার ইনিংসটি।

হাসান ও তিন নম্বরে নামা খালিদ তানিওয়ালের সেঞ্চুরিতে ৩৪৯ রানের পুঁজি গড়ে তাদের দল ম্যাচ জিতে নেয় ১৪২ রানে।

লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারে চার ম্যাচে হাসানের দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। গত মাসে অভিষেকে তিন নম্বরে নেমে তিনি করেন ২৭ বলে ৩২। পরের ম্যাচে ওপেনিংয়ে নেমে খেলেন ৯৯ বলে ৮৩ রানের ইনিংস। তৃতীয় ম্যাচে ৭ রানে আউট হলেও, পরের ম্যাচেই করলেন সেঞ্চুরি।

চার ম্যাচে ৫৫.৫০ গড়ে তার মোট রান এখন ২২২।

গত মে মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের উপলক্ষ সেঞ্চুরি করে রাঙান হাসান। এক ম্যাচ পর সেঞ্চুরি করেন আরেকটি। আহমদ শাহ আবদালি চার দিনের ওই টুর্নামেন্টে চার ম্যাচে ৪৭.১৪ গড়ে তিনি করেন ৩৩০। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত এই চারটি ম্যাচই খেলেছেন তিনি।

পরে টি-টোয়েন্টি প্রতিযোগিতা শাপাগিজা ক্রিকেট লিগে আমো শার্কসের শিরোপা জয়ে বড় অবদান রাখেন হাসান। ৮ ম্যাচে ১৪০.৭৪ স্ট্রাইক রেটে ৩ ফিফটিতে রান করেন ২২৮। ফাইনালে রান তাড়ায় ৩৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে দলের জয় নিয়ে ফেরেন তিনি।

ওই আসরে তার বাবা, ৪০ বছর বয়সী নাবির প্রথম বলে ছক্কা মেরে বিরল ও স্মরণীয় এক মুহূর্তের জন্ম দিয়েছিলেন হাসান। 

২০২২ সালে টি-টোয়েন্টি অভিষিক্ত হাসান এই সংস্করণে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১২৪.১৯ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৩৪। ফিফটি আছে ৬টি।

বাবা স্পিনিং অলরাউন্ডার হলেও ছেলে হাসান টপ অর্ডার ব্যাটসম্যান। গত কয়েক বছর ধরেই আলোচনায় আছেন তিনি। ২০২৩ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনি ফিফটি করেন ৩২ বলে। আফগানিস্তানের হয়ে খেলেন ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।

একই বছর বিশ ওভারের প্রতিযোগিতা কাবুল প্রিমিয়ার লিগে ১৯ ছক্কা ও ৮ চারে ৫১ বলে ১৫৬ রানের ইনিংস খেলে সাড়া ফেলে দেন তিনি।

সেই পথ ধরে পেশাদার ক্রিকেটেও দুর্বার গতিতে ছুটছেন দারুণ প্রতিভাবান এই ব্যাটসম্যান।

আফগান ক্রিকেটের প্রথম বৈশ্বিক তারকা নাবি গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, একদিন ছেলের সঙ্গে জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন তিনি। ছেলে যেভাবে ছুটছেন, হয়তো পূরণও হয়ে যেতে পারে বাবার সেই স্বপ্ন!