২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রথম দিনে শান্ত-মুশফিকের সেঞ্চুরি

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনে শুরুর ধাক্কা সামলে বড় জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

প্রথম দিনে শান্ত-মুশফিকের সেঞ্চুরি
সেঞ্চুরি করে যেন উড়াল দিতে চাইলেন নাজমুল হোসেন শান্ত। ছবি: রয়টার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ২৯২ রান করেছে বাংলাদেশ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম ম্যাচ এটি। প্রথম দিনে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 

সকালের সেশনে ৪৫ রানে ৩ উইকেট পতনের পর দলকে টেনে নেন এই দুজন। দিন শেষে ২৬০ বলে ১৩৬ রানে অপরাজিত শান্ত, ১৮৬ বলে ১০৫ রানে মুশফিক।

দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ২৪৭, চতুর্থ উইকেটে যা লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। 

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনার এনামুল হক আউট হন ১০ বলে শূন্য রান করে। 

দ্বিতীয় উইকেটে সাদমান ইসলাম ও মুমিনুল হক যোগ করেন ৩৪ রান। অভিষিক্ত স্পিনার থারিন্ডু রাত্নায়াকে পরপর দুই ওভারে ফেরান দুজনকে। দুজনই স্লিপে ধরা পড়েন লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভার হাতে।

দ্বাদশ টেস্ট সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট।

দ্বাদশ টেস্ট সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম

সেখান থেকে শান্ত ও মুশফিকের জুটি। সারা দিনে আর উইকেট পড়তে দেননি দুজন। 

শান্ত শতরান পূর্ণ করেন ২০২ বলে। ২০ ইনিংস পর তিন অঙ্কের স্বাদ পেলেন তিনি। 

৩৬ টেস্টে তার ষষ্ঠ সেঞ্চুরি এটি। এই ইনিংসের পথে ২ হাজার টেস্ট রানও পেরিয়ে যান ২৬ বছর বয়সী ব্যাটসম্যান।

দিনের শেষ ভাগে মুশফিক সেঞ্চুরিতে পা রাখেন ১৭৬ বলে। তার দ্বাদশ টেস্ট শতরান এটি।

আগের সেঞ্চুরিটি করেছিলেন তিনি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। পরের ১৩ ইনিংসে একবারও ৪০ ছাড়াতে পারেনি। অবশেষে এই ইনিংস দিয়ে বড় রানে ফিরলেন ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান।  

দ্বিতীয় নতুন বল নিয়েও দিনের শেষ ১০ ওভারে সফল হয়নি শ্রীলঙ্কা। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*; আসিথা ১৪-২-৫১-১, মিলান ১২-৩-১৯-০, থারিন্ডু ৩২-৩-১২৪-২, প্রাবাথ ২৯-০-৮৬-০, ধানাঞ্জায়া ৩-০-৭-০)