Published : 12 Aug 2025, 08:53 AM
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল জয়ের দুই মাস পর আরেকটি চ্যালেঞ্জ নিলেন মো বোবাট। এবার কাজ করবেন তিনি ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট আসর দা হান্ড্রেড-এ। লন্ডন স্পিরিটের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।
বেঙ্গালুরুতেও তার পদ এটিই। দলটির প্রথম আইপিএল শিরোপা জয়ের মাঠের বাইরের নায়কদের একজন তিনি। ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের জন্য তার পরিচিতি আছে ক্রিকেট বিশ্বজুড়ে।
লন্ডন স্পিরিটের মালিকায় বড় ধরনের পরিবর্ত আসার পর বোবাটের নিয়োগের এই ঘোষণা এলো। এই ফ্র্যাঞ্চাইজির ৪৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে সিলিকন ভ্যালির কনসোর্টিয়াম ‘টেক টাইটান্স।’
মালিকানায় পরিবর্তনের পর আগামী মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ডিংয়েও বড় ধরনের বদল আসবে। এমনকি নামও পরিবর্তন হবে বলে আগে ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত নাম বদলানো হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে, ইংল্যান্ডের রাজধানী শহরের ‘প্রাণশক্তি, বৈচিত্র ও ক্রিকেট ঐতিহের প্রতিফলন ভালোভাবেই পড়ছে এই নামে।’
মো বোবাট আগে ইংল্যান্ড জাতীয় দলের পারফরম্যান্স ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। আরও আগে তার কাজ ছিল ইংল্যান্ডের উঠতি প্রতিভা বাছাই করা। ইংল্যান্ডের বোর্ডের ‘প্লেয়ার আইডেন্টিফিকেশন লিড’ হিসেবে তার কাজ ছিল দারুণ সমাদৃত। সেই সময়টায় জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রেও পর্দার আড়ালে তার ভূমিকা থাকত, যে প্রক্রিয়ায় ক্রমে দারুণ এক ওয়ানডে দল গড়ে তুলে ২০১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়েও তার ছিল নেপথ্য অবদান।
সব মিলিয়ে ১২ বছর কাজ করেছেন তিনি ইংলিশ বোর্ডে।
এছাড়াও ক্রিকেট বিশ্বের নানা লিগে তিনি নানা ভূমিকা পালন করে আসছেন।
এবার লন্ডন স্পিরিটের দায়িত্ব নিয়েও তিনি উচ্ছ্বসিত।
“রোমাঞ্চকর এই সময়ে লন্ডন স্পিরিটের দায়িত্ব নেওয়াটা সম্মানের। এমসিসি ও নতুন পার্টনার টেক টাইটানেসর সঙ্গে মিলে এই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটীয় ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাওয়াটা খুবই রোমাঞ্চ জাগানিয়া। মাঠের ভেতরে ও বাইরে স্পেশাল কিছু গড়ে তোলার অপেক্ষায় আছি।”
লন্ডন স্পিরিটের কোচ এখন অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার, অধিনায়ক নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। এবারের আসরে এখনও পর্যন্ত তিন ম্যাচের একটিতে জিতেছে দলটি।