২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চিন্তা করা হবে বোকামি’

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনই ফাইনাল খেলার কথা চিন্তা না করে নতুন চক্রে ৪-৫-৬ নম্বরের মধ্যে থাকতে চান নাজমুল হোসেন শান্ত।

‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চিন্তা করা হবে বোকামি’
নাজমুল হোসেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 02:27 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

লর্ডসে বুধবার যখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, তখন শ্রীলঙ্কা সফরের জন্য মিরপুরে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যস্ত নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু আসন্ন সিরিজ দিয়েই। আগের তিন চক্রে ক্রমাগত উন্নতি করা বাংলাদেশ এবারও ধরে রাখতে চায় সেই ধারা। তাই এখনই ফাইনালের স্বপ্ন না দেখে ছোট ছোট লক্ষ্যে এগোনোর কথা বললেন অধিনায়ক শান্ত। 

দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। বৃহস্পতিবার এরই মধ্যে দেশ ছেড়েছেন নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরিসহ বাংলাদেশ দলের ১০ সদস্য। বাকিরা যাবেন শুক্রবার।

গলে আগামী ১৭ জুন শুরু প্রথম টেস্ট। কলম্বোতে ২৫ জুন থেকে হবে পরের ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটি বাংলাদেশের প্রথম সিরিজ। এরপর দেশে ও দেশের বাইরে আরও পাঁচটি সিরিজ খেলবে তারা।

নতুন চক্রে প্রথম সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, এখনই বেশি দূর চিন্তা করতে চান না তিনি।

“এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা) তো অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি এখনই চিন্তা করি, তাহলে বোকামি হবে, আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে ভালো।” 

২০১৯ সালে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে সাত ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশ। পরের চক্রে ১২ ম্যাচে ১টি জিতলেও তলানিতে ছিল তারা। 

তবে সবশেষ ২০২৩-২৫ চক্রে পাকিস্তানকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করে চমক উপহার দেয় বাংলাদেশ। পরে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও একটি ম্যাচ জেতে তারা। আর ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হারায় শান্তর দল।

সব মিলিয়ে ১২ ম্যাচে ৪টি জিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে ৭ নম্বরে থেকে এবারের চক্র শেষ করে বাংলাদেশ। ধারাবাহিক উন্নতির এই পথে থেকে ধীরে ধীরে বড় স্বপ্নের দিকে এগোতে চান শান্ত।

“আমরা যখন (টেস্ট চ্যাম্পিয়নশিপ) শুরু করেছিলাম, এর আগের চক্রে ১টি ম্যাচ জিতেছি। পরের চক্রে আমরা ৪টা জিতেছি। তার মানে একটু উন্নতি হয়েছে। এই চক্রে লক্ষ্য থাকবে কীভাবে আমরা ২-৩টা ম্যাচ বেশি জিততে পারি।” 

“যদি এভাবে ছোট ছোট চিন্তা করে এগোতে পারি... কেন নয়? একটা সময় হয়তো বাংলাদেশ ফাইনাল খেলবে। এই দুই বছরের মধ্যে আমরা কীভাবে আরও ভালো ফল পেতে পারি, সেটি খুব গুরুত্বপূর্ণ।”

এসময় ২০২৫-২৭ চক্রে নিজেদের লক্ষ্যটাও পরিষ্কার করে দেন বাংলাদেশ অধিনায়ক।

“টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা গত বছর (চক্রে) ৭ নম্বরে শেষ করেছি। এই বছর তো অবশ্যই লক্ষ্য থাকবে যেন ৪-৫-৬ নম্বরের মধ্যে আসতে পারি। তাহলে খুব ভালো হয়।” 

“গত বছর (চক্রে) জয়ের হার সম্ভবত ৪৫ শতাংশ (আসলে ৪৫ পয়েন্ট ও ৩১.২৫ শতাংশ) ছিল। এখান থেকে যদি বাড়াতে পারি, ৫০-৫৫ বা ৬০ শতাংশ হলে, একজন অধিনায়ক হিসেবে আমার মনে হয়, ভালো একটা ফল হবে আমাদের।”

টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ চক্রে তুলনামূলক ভালো করলেও ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। দেশে ছয় ম্যাচে মাত্র একটি জিতেছিল তারা। বিপরীতে দেশের বাইরে ছয় ম্যাচে ছিল তিন জয়।  

তাই এবার আরেকটু এগোতে দেশের মাঠে ভালো করার দিকে জোর দিতে চান শান্ত।

“ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে। সবশেষ চক্রে ঘরে আমরা খুবই বাজে খেলেছি। ঘরের মাঠে যদি জিততে পারতাম, তাহলে (ওই চক্রে) হয়তো আরও ২-৩টা ম্যাচ বেশি জেতা থাকত।” 

“চিন্তা সেটাই, ঘরে কীভাবে আমরা জিততে পারি। দেশে খেলা হলে আরও ভালো পরিকল্পনা করে খেলব ইনশাল্লাহ। ঘরের বাইরে ভালো হয়েছে, এই আত্মবিশ্বাস কাজে দেবে। এই বছর যদি আমরা বাইরের মাঠেও ফল পেতে পারি, তাহলে এই চক্রে আমাদের ফল আরেকটু ভালো হবে।”