১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ভাবনায় আবার অস্ট্রেলিয়া দলে স্টয়নিস

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া অভিজ্ঞ অলরাউন্ডার ফিরেছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ইংল্যান্ডের দা হান্ড্রেড টুর্নামেন্টের ফাইনালে ৩৮ বলে ৬৪ রান করেও পরাজয়ের ক্ষত এখনও দগদগে। তবে যন্ত্রণা উপশমের বড় এক দাওয়াই পেয়ে গেলেন মার্কাস স্টয়নিস। নিউ জিল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে তাকে। যেটির মানে, আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় বিশ্বকাপের ভাবনায় ভালোভাবেই আছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার।

গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আচমকাই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান স্টয়নিস। ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে নেই তিনি অনেক দিন ধরেই। গত নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে কোনো সংস্করণেই তাকে দেখা যায়নি। সব মিলিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল অনিশ্চয়তার দোলাচলে। এবার সেখানে খানিকটা দিশা মিলল।

স্টয়নিসের ফেরার সিরিজে দলে থাকছেন না ক্যামেরন গ্রিন। সপ্তাহখানেক আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে বিধ্বংসী সেঞ্চুরি করা ক্রিকেটার নতুন করে কোনো চোটে পড়েননি। তবে নিউ জিল্যান্ডে যাচ্ছেন না তিনি নিজের অলরাউন্ডার পরিচয় ফিরে পাওয়ার চেষ্টায়।

পিঠের চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার। তবে সামনের অ্যাশেজে তাকিয়ে বোলিংয়ে ফেরার অনুমতি তিনি পেয়েছেন। নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি না খেলে তাই ঘরোয়া শেফিল্ড শিল্ডে খেলবেন তিনি বোলিং ঝালিয়ে নিতে।

এই সফরের দল ঘোষণার আগে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মিচেল স্টার্ক। পিঠের সমস্যার কারণে যথারীতি দলের বাইরে প্যাট কামিন্স। গত বিশ্বকাপের পর এই সংস্করণে আর দেশের হয়ে খেলেননি তারা দুজনের কেউই। অভিজ্ঞ পেসত্রয়ীর আরেকজন জশ হেইজেলউড অবশ্য আছেন এই সফরের দলে।

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সফরে যাচ্ছেন না এই সংস্করণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা পেসার ন্যাথান এলিস। এছাড়াও জায়গা হারিয়েছেন কিপার-ব্যাটার অ্যালেক্স কেয়ারি ও অলরাউন্ডার অ্যারন হার্ডি।

চোট কাটিয়ে দলে ফিরেছেন আগ্রাসী স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্ট ও আক্রমণাত্মক ব্যাটসম্যান মিচেল ওয়েন। 

নিউ জিল্যান্ডে ছোট্ট এই সফরে চারদিনের মধ্যে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। প্রথমটি ১ অক্টোবর, পরের দুটি ৩ ও ৪ অক্টোবর। সবকটি ম্যাচই মাউন্ট মঙ্গানুইতে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।