Published : 25 Dec 2025, 11:18 AM
উইকেটে ১০ মিলিমিটার ঘাস। আকাশ মেঘলা। বক্সিং ডে টেস্ট শুরুর আগের দিনের চিত্র এটি। টেস্ট শুরুর দিন ঘাস খুব বেশি ছাঁটাই করা হবে না। আবহাওয়ার পূর্বাভাসে টেস্টজুড়েই আছে বৃষ্টির চোখরাঙানি। অস্ট্রেলিয়া তাই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে, চার পেসার নিয়ে সাজানো হবে একাদশ।
ক্রিসমাসের দিনে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ নিশ্চিত করেছেন চার পেসার খেলানোর খবর। একাদশ যদিও ঘোষণা করেনি তারা। ১২ জনের দল জানানো হয়েছে পাঁচ পেসারকে রেখে।
ম্যাচের দিন উইকেট দেখে কোনো এক পেসারকে বাইরে রাখা হবে বলে জানিয়েছেন স্মিথ।
“আমরা ১২ জন চূড়ান্ত করেছি, আগামীকাল (শুক্রবার) উইকেটে আরেকবার চোখ রেখে একাদশ ঠিক করব। তবে চার পেসার খেলাব আমরা, কোনো স্পিনার নেই। ১০ মিলিমিটার ঘাস আছে (উইকেটে), বেশ সবুজ, বেশ (ঘাসে) আচ্ছাদিত উইকেট। নিশ্চিত করে বলতে পারি, উইকেটে অনেক সহায়তা মিলবে। বিশেষ করে প্রথম দিনে কন্ডিশনও আজকের মতোই থাকবে, বেশ ঠাণ্ডা ও বেশ মেঘাচ্ছন্ন। এটুকু বলতে পারি, বেশ মুভমেন্ট থাকবে।”
মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে মাইকেল নিসারের একাদশে ফেরা নিশ্চিতই বলা যায়। ব্রিজবেনে গোলাপি বলের টেস্টে এক ইনিংসে ৫টিসহ ম্যাচে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। তার পরও অ্যাডিলেইডে তাকে বাইরে চলে যেতে হয় প্যাট কামিন্স ফেরায়। এবার কামিন্সের বদলেই আবার ফিরছেন তিনি।
৩৫ বছর বয়সী পেসার লাল বলে টেস্ট খেলবেন প্রথমবার। অবিশ্বাস্যভাবে, আগের তিনটি টেস্ট তিনি খেলেছেন গোলাপি বলে দিন-রাতের ম্যাচ।
বাকি পেসারের জায়গাটি নিয়ে লড়াই হবে ব্রেন্ডান ডগেট ও জাই রিচার্ডসনের। এই সিরিজের প্রথম দুই টেস্টে খেলেছিলেন ডগেট। প্রথম টেস্টে শিকার করেছিলেন পাঁচ উইকেট, পরেরটিতে দুটি। স্কিলের দিক থেকে অবশ্য রিচার্ডসনকে পছন্দ করতে পারে অস্ট্রেলিয়া। তবে তার মূল সমস্যা ফিটনেস। অনেক সম্ভাবনা থাকার পরও চোট-জর্জর ক্যারিয়ারে তিনটি মোটে টেস্ট খেলতে পেরেছেন ২৯ বছল বয়সী পেসার। এবার শেষ পর্যন্ত একাদশে জায়গা পেলে টেস্ট খেলবেন তিনি চার বছর পর।
অসুস্থতার কারণে আগের টেস্টে খেলতে না পারা স্মিথ ফিরছেন পুরো সুস্থ হয়ে। প্রথম দুই টেস্টে তার নেতৃত্বেই জিতেছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং অর্ডারে চার নম্বরে জায়গা করে নেবেন তিনি। গত টেস্টে চারে খেলা উসমান খাওয়াজা নেমে যাবেন পাঁচে।
স্মিথ শেষ মুহূর্তে ছিটকে পড়ায় গত টেস্টে নাটকীয়ভাবে একাদশে জায়গা পেয়েছিলেন খাওয়াজা। ৮২ ও ৪০ রানের দুটি ইনিংস খেলে ক্যারিয়ার বাঁচিয়েছেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান। আগে একটি টেস্টেই কেবল পাঁচে ব্যাট করেছিলেন তিনি। ২০২১-২২ অ্যাশেজের সিডনি টেস্টে দুই ইনিংসেই পাঁচে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছিল তার।
খাওয়াজা দলে টিকে যাওয়ায় বাদ পড়েছেন জশ ইংলিস। ন্যাথান লায়নের চোটের কারণে স্কোয়াডে জায়গা পাওয়া অফ স্পিনার টড মার্ফি এবার সুযোগ পাচ্ছেন না ঘরের মাঠে বক্সিং ডে টেস্ট খেলার।