১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি ভাঙায় আফগান অলরাউন্ডারের শাস্তি

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে গুলবাদিন নাইবকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2024, 04:55 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন গুলবাদিন নাইব। আফগানিস্তানের এই পেস বোলিং অলরাউন্ডারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

হারারেতে শুক্রবার জিম্বাবুয়ের ইনিংসের একাদশ ওভারের ঘটনা এটি। ওই ওভারে আফগান অধিনায়ক রাশিদ খানের পঞ্চম বলে এলবিডব্লিউ হন রায়ান বার্ল। পরের বলে টাশিঙ্গা মুসেকিওয়াকে এলবিডব্লিউয়ের আবেদন করে সফরকারীরা। তবে আম্পায়ার সাড়া দেননি। স্লিপে ফিল্ডিং করা নাইব তখন বিশাল হাসিতে নাটকীয়ভাবে মাথা নত করে ভিন্নমত পোষণ করেন। ম্যাচে ডিআরএস না থাকলেও রিভিউয়ের জন্য আবেদন করেন তিনি।

আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের জন্য তার শাস্তির কথা শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি।

নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন নাইব। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

২৪ মাস সময়ের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। দুই বছর সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুটি সাসপেনশন পয়েন্ট পেলে তিনি এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন, যেটা আগে আসে।

গত জুনের পর আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমে ম্যাচটিতে ২১ বলে অপরাজিত ২৬ রানের ক্যামিও ইনিংসে দলের দেড়শ ছাড়ানো সংগ্রহে অবদান রাখেন নাইব। ৫০ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় আফগানিস্তান। শনিবার একই মাঠে হবে শেষ ম্যাচ।