১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে অলরাউন্ডার হারানোর শঙ্কায় দ. আফ্রিকা

এসএ টোয়েন্টিতে খেলার সময় কাঁধে চোট পেয়েছেন ডনোভান ফেরেইরা।

বিশ্বকাপের আগে অলরাউন্ডার হারানোর শঙ্কায় দ. আফ্রিকা
হাতের চোট নিয়ে মাঠ ছাড়ছেন ডনোভান ফেরেইরা (বাঁয়ে)। ছবি: এসএ টোয়েন্টি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সময়ে কাঁধে চোট পেয়েছেন ডনোভান ফেরেইরা। বৈশ্বিক আসরে দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডারের খেলা নিয়ে জেগেছে প্রবল শঙ্কা।

এসএ টোয়েন্টিতে গত শনিবার এই চোট পান ফেরেইরা। প্রিটোরিয়া ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে ফিল্ডিংয়ের সময় বেকাদায় বাঁ কাঁধের ওপর পড়েন জোবার্গ সুপার কিংসের ভারপ্রাপ্ত অধিনায়ক।

পরে ব্যাটিংয়ে নামলে, কেবল এক বল খেলেই হাতে ব্যথা অনুভব করায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে উঠে যান ফেরেইরা। ম্যাচ শেষে তিনি জানান, খুব ভালো অনুভব করছেন না, রোববার করাবেন স্ক্যান।

ফেরেইরার পরীক্ষ-নিরীক্ষার ফলাফল এখনও জানানো হয়নি জোবার্গ সুপার কিংসের পক্ষ থেকে। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ফেরেইরার কাঁধের হাড়ে চিড় ধরা পড়েছে।

তেমন কিছু হলে, চলমান এসএ টোয়েন্টির বাকি অংশে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আসরে এখনও প্লেঅফে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে জোবার্গ সুপার কিংসের। পরের ধাপে যেতে সোমবার পার্ল রয়্যালসকে হারাতেই হবে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরেইরা খেলতে না পারলে তা দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কাই হবে। ফিনিশার, ব্যাকআপ কিপার এবং পার্ট টাইম অফ স্পিনার হিসেবে তাকে দলে রেখেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন ২৭ বছর বয়সী ফেরেইরা। ১৫৫.৮৪ স্ট্রাইক রেটে ২৪০ রান করেছেন ১৮.৪৬ গড়ে। সাত ইনিংসে বোলিং করে ধরেছেন দুই শিকার।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচ খেলে ১৬৭.৪০ স্ট্রাইক রেটে দুই হাজার ৫০৬ রান করেছেন ফেরেইরা। নামের পাশে ফিফটি ১০টি, নেই সেঞ্চুরি। হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ২৮টি।

শেষ পর্যন্ত ফেরেইরা বিশ্বকাপ থেকে ছিটকে গেলে রায়ান রিকেলটনকে দলে যোগ করতে পারে দক্ষিণ আফ্রিকা। চলতি এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে দুটি সেঞ্চুরি করেছেন এই কিপার-ব্যাটসম্যান। এছাড়া ম্যাথু ব্রিটস্কি, ট্রিস্টান স্টাবসকেও বিবেচনায় রাখতে পারে তারা।

কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ হলো আফগানিস্তান, নিউ জিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।