Published : 09 Oct 2025, 10:54 AM
সাধারণত অস্ত্রোপচার করানো হলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন অ্যাথলেটরা। অনেক সময় চেষ্টা করা হয় অস্ত্রোপচার এড়িয়ে আরেকটু দ্রুত সারিয়ে তোলার। গ্লেন ম্যাক্সওয়েলের অবস্থা উল্টো। একটু আগেভাগে মাঠে ফেরার আশাতেই অস্ত্রোপচার করিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যানের আশা, ভারতের বিপক্ষে সিরিজের কিছু অংশে হলেও খেলতে পারবেন তিনি।
ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্রিকেটার পরিচয় টিকে আছে এখন কেবল টি-টোয়েন্টিতে। কিন্তু আপাতত তিনি খেলতে পারছেন না কিছুই। নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের আগে নেটে বোলিংয়ের সময় মিচেল ওয়েনের শটে বল এসে লাগে তার হাতে। চিড় ধরা পড়ে কবজিতে। নিউ জিল্যান্ড সফর থেকে তিনি ছিটকে পড়েন তো বটেই, ভারতের বিপক্ষে সামনের সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডেও তিনি নেই।
তবে সিরিজের পরের তিন ম্যাচের কোনো একটা অংশে খেলার আশা ছাড়ছেন না তিনি, মেলবোর্নে বৃহস্পতিবার জানালেন বিশ্বকাপজয়ী তারকা।
“গত সপ্তাহে অস্ত্রোপচার করানোর পর ভারতের বিপক্ষে সিরিজে কিছুটা অংশ নেওয়ার আশা আমার খানিকটা হলেও বেড়েছে, যদি নিজেকে ঠিকঠাক রাখতে পারি। আমার অস্ত্রোপচার করানোর একমাত্র কারণই এটি। আমার সামনে বিকল্প ছিল দুটি, অস্ত্রোপচার না করিয়ে ভারতের বিপক্ষে সিরিজ পুরোটা বাইরে থাকা অথবা অস্ত্রোপচার করানো এবং তাতে সামান্য হলেও এই সিরিজে মাঠে নামার সুযোগ।’
“যদি সেটা না হয়, তাহলে বিগ ব্যাশের জন্য আগেই প্রস্তুত হয়ে উঠব এবং আমার মনে হয়, শরীরটাকে ঠিকঠাক করার জন্য ভালো অবস্থায় থাকব।”
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচ আগামী ২, ৬ ও ৮ নভেম্বর।
হাতের অবস্থা বুঝতে বুধবারই একজন বিশেষজ্ঞ দেখিয়েছেন ম্যাক্সওয়েল। বিশেষভাবে তৈরি প্লাস্টিকের একটি স্প্লিন্ট আপাতত হাতে পরতে হবে তাকে। কবজির কিছু কসরতও দেয়া হয়েছে তাকে, যেগুলো করে ক্রমে জোর ফিরে পাবেন।
ক্যারিয়ারে বেশ কবারই মাঠের ভেতরে ও বাইরে অদ্ভুত সব চোটে পড়েছেন ম্যাক্সওয়েল। সেই তালিকায় যোগ হলো এবারের চোটও।
“হাতের যে জায়গায় বল আঘাত করেছে, সেদিক থেকে কিছুটা দুর্ভাগ্য আমার। যখন হাতে বল লাগল, মনে হচ্ছিল ভাগ্য ভালো যে হাড়ে লেগেছে, মাংসল অংশ ততটা ক্ষতিগ্রস্ত হয়নি। ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে। কিন্তু… হ্যাঁ, আরেকটি দুর্ভাগা চোট।”