০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চোট পাওয়া সাকিবের জায়গায় ইংল্যান্ড দলে প্রথমবার কারি

আয়ারল্যান্ড সিরিজ তো বটেই, নিউ জিল্যান্ডের বিপক্ষেও পাওয়া যাবে না সাকিব মাহমুদকে।

চোট পাওয়া সাকিবের জায়গায় ইংল্যান্ড দলে প্রথমবার কারি
প্রথমবার ইংল্যান্ডে ডাক পাওয়া পেসার স্কট কারি। ছবি: হ্যাম্পশায়ার ক্রিকেট ক্লাব এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 10:20 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

হাঁটুর চোটে লম্বা সময়ের জন‍্য ছিটকে গেলেন সাকিব মাহমুদ। সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার জায়গায় প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন আরেক পেসার স্কট কারি।

গত ৪ সেপ্টেম্বর ইংল‍্যান্ডের হয়ে সবশেষ মাঠে নামেন সাকিব। লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কোনো উইকেট পাননি ২৮ বছর বয়সী এই পেসার। সফরকারীদের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম‍্যাচে একাদশে সুযোগ মেলেনি তার। 

চোট জর্জর ক‍্যারিয়ারে আরেকটি বড় ধাক্কা খেলেন সাকিব। পিঠে পরপর স্ট্রেস ফ্র‍্যাকচারের জন‍্য প্রায় দুই বছর বাইরে ছিলেন তিনি। মাঠে সম্প্রতি ভালো করছিলেন। ইসিবি এক বিবৃতিতে জানায়, সাকিবের হাঁটুতে ছোট্ট একটি অস্ত্রোপচার প্রয়োজন।  

গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজে ১০.৫৫ গড়ে ৯ উইকেট নেন সাকিব। চলতি বছর মে-জুনে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে তিনি রাখেন বড় ভূমিকা। ঘরোয়া আসর ‘দা হান্ড্রেড’-এর তিনবারের শিরোপাজয়ী ওভাল ইনভিনসিবলসের সদস‍্য তিনি, ফাইনালে ট্রেন্ট রকেটসের বিপক্ষে তিনিই নেন শেষ উইকেট।

সাকিবের জায়গায় সুযোগ পাওয়া ২৪ বছর বয়সী কারি আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন স্কটল‍্যান্ডের হয়ে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২ টুর্নামেন্টে তিনি খেলেন তিনটি ওয়ানডে। তবে স্কটল‍্যান্ড এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে না পারায় হয়তো পিতার জন্মভূমির হয়ে খেলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন তিনি।

হ্যাম্পশায়ারের হয়ে টি-টোয়েন্টি ফাইনালস ডেতে খেলার পরদিনই ডাক পেলেন কারি। সেমি-ফাইনাল ও ফাইনালে তিনি নেন দুটি করে উইকেট। 

আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর আয়ারল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। অ্যাশেজের আগে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায় এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জ্যাকব বেথেল।

অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড।