Published : 25 Dec 2025, 12:39 AM
নিজের তৃতীয় ওভারে দারুণ বোলিং করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু অন্য প্রান্তে চাপ ধরে রাখতে পারলেন না টিম সাউদি। শারজাহ ওয়ারিয়র্জকে হারিয়ে আইএল টি-টোয়েন্টির শেষ চারে জায়গা নিশ্চিত করল দুবাই ক্যাপিটালস।
আইএল টি-টোয়েন্টিতে সোমবার ৫ উইকেটে জিতেছে দুবাই। শারজাহর ১৩৪ রান ৫ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে মুস্তাফিজুর রহমানের দল।
৩.১ ওভারে ২৯ রান দিয়ে এক উইকেট নেন তাসকিন।
টস জিতে ফিল্ডিং নেয় দুবাই। নিয়মিত উইকেট হারিয়ে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। প্রথম ৩ ওভারে কেবল ১৫ রান দেওয়া মুস্তাফিজ শেষ পর্যন্ত ২৭ রানে নেন ১ উইকেট।
দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন তাসকিন। প্রথম বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হন অধিনায়ক সাউদি। বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
পরের বলে বাউন্ডারি হজম করেন তাসকিন। শেষ চার বল থেকে আসে দুটি সিঙ্গল।
একাদশ ওভারে আক্রমণে ফিরে শেষ চার বলের মধ্যে তিনটি বাউন্ডারি হজম করেন তাসকিন। ২ ওভার মিলিয়ে দেন ১৮ রান। এর ১৭ রানই নেন ওপেনার শায়ান জাহাঙ্গীর।
৩ ওভারে দুবাইয়ের প্রয়োজন যখন ২৬ রান, এমন সময়ে আক্রমণে ফেরেন তাসকিন। তার প্রথম বলেই চার মারেন জর্ডান কক্স। পরের বলে তিনি নেন সিঙ্গল।
শেষ ৪ বলে দারুণভাবে ঘুরে দাঁড়ান তাসকিন। তার বলে রিভার্স স্কুপের চেষ্টায় ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান লিউস দু প্লয়। পরের তিনটি বল ডট খেলেন রভম্যান পাওয়েল।
শেষ ২ ওভারে দুবাইয়ের প্রয়োজন ছিল ২১ রান। সাউদির ওভারে টানা চারটি চারসহ ১৮ রান নিয়ে ম্যাচের ভাগ্য নিজেদের দিকে ঘুরিয়ে দেন কক্স।
শেষ ওভারে নাটকীয় কিছু করতে পারেননি তাসকিন। তার প্রথম বলে ছক্কায় ম্যাচের ইতি টানেন পাওয়েল। ৫০ বলে ৬১ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা কক্স। ওপেনিংযে নেমে ৩৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন শায়ান।
৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে দুবাই ক্যাপিটালস। সমান ম্যাচে ষন্ঠ হারের পর ৬ পয়েন্ট নিয়ে তলানিতেই শারজাহ।