Published : 14 Mar 2026, 04:02 PM
ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড় ও দেশটির প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। ভারতে নারী ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী মর্যাদায় অসামান্য অবদানের জন্য একই সম্মাননা পাচ্ছেন সাবেক অধিনায়ক মিতালি রাজ। এই স্বীকৃতির কেতাবি নাম- ‘কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।’
দিল্লিতে আগামী রোববার বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার আয়োজনে এটি গ্রহণ করবেন তারা।
ভারতের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার ‘পলি উমরিগার ট্রফি’ পাচ্ছেন শুবমান গিল। দ্বিতীয়বার এই স্বীকৃতি পাচ্ছেন তিনি। ক্যারিয়ারের পঞ্চমবারের মতো বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন স্মৃতি মান্ধানা।
এছাড়া আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ক্যাটাগরির সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে অ্যাওয়ার্ড আয়োজনে।
ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর সম্মানে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে ১৯৯৪ সাল থেকে। দ্রাবিড়, বিনি ও মিতালির আগে এই স্বীকৃতি পেয়েছেন ৩১ জন, সবশেষ পেয়েছেন কিংবদন্তি সাচিন টেন্ডুলকার।
বিনি ভারতের হয়ে খেলেছেন ২৭ টেস্ট ও ৭২ ওয়ানডে। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। আট ইনিংসে ১৮ উইকেট নিয়ে ওই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনিই।
পরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে কাজ করেছেন বিনি। তার কোচিংয়েই ২০০০ সালের যুব বিশ্বকাপ জিতেছিল ভারত। জাতীয় দলের নির্বাচক ও বিসিসিআইয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
দ্রাবিড়কে মনে করা হতো ব্যাটিং শুদ্ধতার প্রতীক। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। পাঁচশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে রান করেছেন ২৪ হাজারের বেশি।
টেস্টে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬৪ ম্যাচে তার রান ১৩ হাজার ২৮৮। ওয়ানডেতে ৩৪৪ ম্যাচে রান ১০ হাজার ৮৮৯। ২০০৭ সালে ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি।
পরে ভারতের অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দলের পাশাপাশি জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন দ্রাবিড়। তার হাত ধরেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।
ভারতের নারী ক্রিকেটকে পরের ধাপে পৌঁছে দেওয়া, জনপ্রিয় করে তোলার অগ্রপথিকদের একজন মিতালি। ভারতের হয়ে সব সংস্করণ মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন ৩৩৩টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করা বিশ্বের প্রথম নারী ক্রিকেটার তিনি। তার অধিনায়কত্বে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত।