১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইমরানের জন্য পাকিস্তানের সকল ক্রিকেটারকে আওয়াজ তুলতে বললেন মঈন

‘তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন’, ইমরান খানের সমর্থনে বলেছেন মঈন খান।

ইমরানের জন্য পাকিস্তানের সকল ক্রিকেটারকে আওয়াজ তুলতে বললেন মঈন
ইমরান খান ও মঈন খান (ডানে)। ছবি: রয়টার্স ও স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 11:52 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

জাভেদ মিয়াঁদাদের পর ইমরান খানের জন্য আওয়াজ তুললেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মঈন খান। পাকিস্তান সরকারকে ইমরানের প্রতি যথাযথ আচরণ করতে অনুরোধ করলেন তিনি। একই সঙ্গে পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদেরও বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনে কথা বলার আহ্বান জানালেন সাবেক এই কিপার-ব্যাটসম্যান।

২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন ৭৩ বছর বয়সী ইমরান। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন তিনি, যে অভিযোগগুলো তিনি ও তার দল অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ইমরান। তার নেতৃত্বেই টেস্ট ও ওয়ানডে অভিষেক হয় মঈনের। এক ভিডিও বার্তায় সাবেক সতীর্থের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ করেছেন তিনি।

“ইমরান খান খুব অসুস্থ। আমি পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করছি, চিকিৎসার ক্ষেত্রে একজন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের নাগরিক হিসেবে ইমরানকে যেন তার অধিকার দেওয়া হয়।

“আমি পাকিস্তানের সকল ক্রিকেটারের কাছেও ইমরানের সমর্থনে আওয়াজ তোলার অনুরোধ জানাচ্ছি। আমরা যারা তার সঙ্গে খেলেছি, তারা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।”

এর আগে ইমরানকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মিয়াঁদাদ। তিনিই পাকিস্তানের প্রথম কোনো বড় মাপের সাবেক ক্রিকেটার, যিনি ইমরানের কারাবাস নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন এবং তার মুক্তির দাবি জানান।